রাজ্যের কৃষকদের জন্য আবারও আর্থিক সহায়তা পৌঁছে দিতে শুরু করল রাজ্য সরকার। মঙ্গলবার থেকে ‘কৃষকবন্ধু’ প্রকল্পের আওতায় নতুন কিস্তির টাকা পাঠানো শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে এবার প্রায় ১ কোটি ৯ লক্ষ কৃষক ও বর্গাদার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ সহায়তা পাচ্ছেন।
প্রতিটি কৃষক বা বর্গাদার একর প্রতি পাচ্ছেন ১০ হাজার টাকা। যাঁদের জমির পরিমাণ কম, তাঁরাও বঞ্চিত নন— কমপক্ষে ৪ হাজার টাকা করে আর্থিক অনুদান মিলবে তাদের জন্যও। খরিফ মরশুমে এই সহায়তা চাষের খরচ মেটাতেই বড় ভূমিকা নেবে বলে মনে করছে রাজ্য সরকার।
এই কিস্তিতে মোট ২,৯৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সামাজিক মাধ্যমে লিখেছেন, “২০১৯ সালে প্রকল্পটি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা কৃষকদের কাছে ২৪ হাজার কোটিরও বেশি টাকা পৌঁছে দিয়েছি। আমি গর্বিত।”
তিনি আরও জানান, এই প্রকল্পের অধীনেই ১৮-৬০ বছর বয়সী কোনও কৃষক মারা গেলে, তাঁর পরিবারকে ২ লক্ষ টাকার সামাজিক সুরক্ষা সহায়তাও দেওয়া হয়। ইতিমধ্যেই প্রায় ১ লক্ষ ৪৬ হাজার কৃষক পরিবার এই সুবিধা পেয়েছে।
মুখ্যমন্ত্রীর বার্তা— “কৃষক আমাদের সম্পদ, আমাদের গর্ব। আগামী দিনেও তাঁদের সার্বিক কল্যাণে সরকার কাজ করে যাবে।”


