পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

Spread the love

মালদার কালিয়াচকে ঘটল মর্মান্তিক ঘটনা। পুকুরে স্নান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুজনের। বৃহস্পতিবার বিকাল তিনটা নাগাদ ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সিলামপুর-২ গ্রাম পঞ্চায়েতের মহালদার পাড়া এলাকায়। জানা গেছে, মৃত দুজনের মধ্যে একজনের নাম সাইফুদ্দিন মহালদার। বয়স ৪০ বছর এবং অপরজনের নাম সালেক সেখ। বয়স ৬০ বছর। দুজনেরই বাড়ি মহালদার পাড়া এলাকায়। এদিন বিকালের দিকে তারা গ্রামের পুকুরে স্নান করতে যান। ওই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরে জল দেওয়ার জন্য একটি বাড়ি থেকে বিদু্যুতের তার টেনে মোটর লাগানো হয়েছিল। কিন্তু কোনভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরের জলে পড়েছিল। ওই সময় পুকুরে স্নান করতে নেমেই দুজনের মর্মান্তিক মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। ঘটনায় গ্রামবাসীরা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে সরব হন। যদিও বিদ্যুৎ দপ্তরের আধিকারিক জানান, এই ঘটনায় তাদের কোন গাফিলতি নেই। যিনি তার বাড়ি থেকে বিদ্যুতের তার টেনে নিয়ে গিয়েছিলেন তার অসচেতনতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *