তৃণমূল কংগ্রেস শুরু থেকেই বাংলা ও বাঙালির উপর হওয়া অত্যাচার ও অপমানের বিরুদ্ধে সংসদে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনে সরাসরি যোগ দেওয়ায় প্রতিবাদের তীব্রতা আরও বেড়েছে। ইন্ডিয়া জোটের অন্যান্য দলের সাংসদরাও এই ইস্যুতে তৃণমূলের পাশে দাঁড়িয়েছেন।
শুক্রবার সংসদ অধিবেশন শুরুর আগে লোকসভা ও রাজ্যসভার তৃণমূল সাংসদরা সংসদ ভবনের মকরদ্বারের সামনে প্রতিবাদ করেন—বাংলা ভাষা, জাতীয় সংগীত ও বাঙালিদের প্রতি অপমান এবং বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচারের বিরুদ্ধে স্লোগান তোলেন।
পাশাপাশি, বিহারের SIR ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটচুরির অভিযোগেও ইন্ডিয়া জোট সংসদ চত্বরে বিক্ষোভ করে, যেখানে তৃণমূল সাংসদরা অংশ নেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ দোলা সেন, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়ারা স্লোগান তোলেন—“নির্বাচন কমিশন হায় হায়”, “শেম শেম”।
বৃহস্পতিবার রাতে রাহুল গান্ধীর বাসভবনে ইন্ডিয়া জোটের শরিকদের সমন্বয় বৈঠকে অভিষেকও যোগ দেন। শুক্রবার সংসদে যাওয়ার আগে দলীয় দপ্তরে অভিষেক, শতাব্দী রায় ও কাকলি ঘোষ দস্তিদারকে সংবর্ধনা জানানো হয়।


