ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের টোটোপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের টটপাড়া চড়াইমহল এলাকার মাধ্যমিক ছাত্র বিশাল বিশ্বাসের। শুক্রবার বিকেল সাড়ে চারটা নাগাদ মৃতদেহ পুলিশ হেফাজতে নেয় শামুকতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ৩১ নম্বর জাতীয় সড়কের চেপানী হল্ট সংলগ্ন এলাকায় স্কুটিতে থাকা চার নাবালক বাড়ি ফেরার পথে ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হয়। স্কুটির পেছনে বসে থাকা বিশাল বিশ্বাস জাতীয় সড়কেই পড়ে থাকে। দুর্ঘটনার খবর শামুকতলা রোড ফাঁড়ির পুলিশের কাছে আসার পরেই পুলিশ তৎক্ষণাৎ গিয়ে চারজনকে উদ্ধার করে যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক বিশাল বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করে। অপর তিনজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে একই স্কুটিতে চার জন ছিলেন। তাদের বাড়ি টটপাড়া চড়াই মহল এলাকায়। বিশাল এবার মাধ্যমিক পরীক্ষা দিত যশোডাঙ্গা হাই স্কুল থেকে। এলাকার বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে চারজনই যশোডাঙ্গা হাইস্কুলের ছাত্র ছিল এদের মধ্যে স্কুটি চালক একাদশ শ্রেণীতে পড়ে। বাকি তিনজন মাধ্যমিক পরীক্ষার্থী। বিশালের দুর্ঘটনার খবর পাওয়ার পরেই হাসপাতালে উপচে পড়ে ভিড় আমজনতার শেষবারের মতো পাড়ার ছেলেকে দেখার জন্য। শামুকতলা রোড ফাঁড়ির ওসি জানিয়েছেন দুর্ঘটনা গ্রস্ত গাড়িটিকে আটক করা হয়েছে। গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা শুরু করা হবে। মৃতদেহ শামুকতলা থানায় পুলিশ হেফাজতের রাখা হয়েছে। শনিবার মৃতদেহ ময়নাতদন্ত করে তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। অন্যদিকে এদিন বিশালের মৃত্যুর খবর পাওয়ার পরেই তার আত্মীয়-স্বজন সহ নিকট জনেরা হাসপাতালে ভিড় জমান। রীতিমতো পুলিশকে হিমশিম খেতে হয়েছে। উল্লেখ্য বিশালের বাবা গাড়ি চালান ভিন রাজ্যে। পরিবারে বিশালের মা-বাবার সহ তার এক ছোট বোন ছিল। তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে গেছে এলাকা বাসী।
1


