পেশায় লরি চালক। দারিদ্র্যের সঙ্গে লড়াই নিরন্তর। ভাগ্য ফেরাতে মাঝেমধ্যে লটারির টিকিট কাটতেন পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার গোপালপুরের বাসিন্দা সেখ আজিদ। আর তাতেই মাত্র তিরিশ টাকার লটারি কেটে জিতলেন এক কোটি টাকা।
পরদিন মেলাতে গিয়ে জানতে পারেন তাঁর পকেটেই রয়েছে কোটি টাকার টিকিট। কি করবেন ভেবে না পেয়ে চলে যান দেওয়ানদিঘি থানায়। চারদিন সেখানে থাকার পর আজ পুলিশ তাঁকে নিয়ে গিয়ে টাকা পাওয়ানোর প্রক্রিয়া শুরু করে।
আজিদ জানান, চার ছেলে এক মেয়ে নিয়ে অভাবের সংসার। ছেলেরা কায়িক পরিশ্রম করে দিন চালায়। এই টাকায় জমি কিনব। ছেলেদেরও দেব,ভবিষ্যতে তারা যাতে সুখে থাকতে পারে।


