ভগবানপুর সমবায় ভোটে তৃণমূলের একতরফা দাপট, জোট শিবির খালি হাতে

Spread the love

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ ব্লকের মহম্মদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে ফের একবার বিপুল সাফল্য পেল তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারীর ঘাঁটিতে সিপিএম-বিজেপি জোট থাকলেও ফলাফলে তাদের শূন্য প্রাপ্তি হয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত এই নির্বাচনে ৯টি আসনের জন্য ভোট গ্রহণ হয়। মোট ৭৭৫ জন ভোটারের মধ্যে ৬২৪ জন ভোট দেন। এর মধ্যে ৪৭টি ভোট বাতিল হলেও বাকি সব আসন দখল করে নেয় তৃণমূল-সমর্থিত প্রার্থীরা। ফল ঘোষণার পরেই গোটা এলাকায় আনন্দ উচ্ছ্বাসে ভরে ওঠে। তৃণমূল কর্মী-সমর্থকরা আবির খেলে, মিছিল করে জয়ের আনন্দ ভাগ করে নেন।

ভগবানপুর ব্লক তৃণমূল সভাপতি রবীনচন্দ্র মণ্ডল বলেন, “মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। সাম্প্রদায়িক শক্তির জায়গা বাংলার মাটিতে নেই।” তবে বিজেপির জেলা নেতৃত্বের দাবি, “পেশি শক্তি ও প্রশাসনিক সুবিধা নিয়েই তৃণমূল জিতেছে। মানুষ সময় এলে তার উত্তর দেবে।”

এর আগে নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়া সমবায় সমিতির ভোটেও নিরঙ্কুশ জয় পেয়েছিল ঘাসফুল শিবির। সেখানেও বিরোধীরা একটিও আসন জিততে পারেনি। রাজনৈতিক মহলের মতে, টানা একাধিক সমবায় নির্বাচনে এই ধারাবাহিক জয় রাজ্য রাজনীতিতে তৃণমূলকে আরও শক্ত অবস্থানে এনে দিচ্ছে। আসন্ন বিধানসভা ভোটের আগে এই ফলাফল শাসক শিবিরের জন্য নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *