ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেস ভবনের সামনে ৩ নম্বর স্ট্রিটে উন্মোচিত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের একটি ১২ ফুট উচ্চতার সোনালি রঙের ভাস্কর্য, হাতে রয়েছে একটি বিটকয়েন। ফেডারেল রিজার্ভ ২৫ বেসিস পয়েন্ট সুদের হার কমানোর ঘোষণা করার ঠিক সেই সময়েই এই ভাস্কর্যের আবির্ভাব ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক ও কৌতূহল।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ছবিতে দেখা যায়, ট্রাম্প সমর্থকরা ভাস্কর্য ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করছেন। কেউ লিখেছেন, “অসাধারণ! উনি সেরা।” আরেকজনের মন্তব্য, “জিওট! আমেরিকাকে ক্রিপ্টো হাব বানাতে কাজ করছেন।”
স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউজেএলএ জানিয়েছে, ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারীদের এক যৌথ উদ্যোগে এই অস্থায়ী ভাস্কর্যটি তৈরি হয়েছে। উদ্যোক্তাদের দাবি, ডিজিটাল মুদ্রার ভবিষ্যৎ, অর্থনৈতিক নীতি ও আর্থিক বাজারে সরকারের ভূমিকা নিয়ে আলোচনার পরিবেশ তৈরিই তাদের লক্ষ্য। সংগঠনের প্রতিনিধি হিচেম জাগধৌদি বলেন, “সরকারি মুদ্রার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলাই এই শিল্পকর্মের উদ্দেশ্য। আধুনিক রাজনীতি ও আর্থিক উদ্ভাবনের মিলনের প্রতীক হিসেবেই আমরা এই বার্তা দিতে চাই।”
ফেডারেল রিজার্ভ যখন আর্থিক নীতি নির্ধারণ করছে, তখন এই ভাস্কর্য ক্রিপ্টোকারেন্সির ক্রমবর্ধমান প্রভাব নিয়ে নতুন করে ভাবার আহ্বান জানাচ্ছে।


