দুর্গাপুজোয় বিশেষ ব্যবস্থা, আসছে কলকাতা মেট্রোর ‘টুরিস্ট স্মার্ট কার্ড’

Spread the love

সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। শেষ মুহূর্তের প্রস্তুতিতে সরগরম গোটা শহর। সেই প্রস্তুতিতেই এবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে কলকাতা মেট্রো। কর্তৃপক্ষের আশঙ্কা, এবারের ভিড় গতবারের তুলনায় আরও বেশি হতে পারে। তাই ভিড় নিয়ন্ত্রণে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ হল বিশেষ ‘টুরিস্ট স্মার্ট কার্ড’। পুজোর দিনগুলিতে এই বিশেষ কার্ড ইস্যু করবে কলকাতা মেট্রো। যাত্রীরা ইচ্ছেমতো যতবার খুশি মেট্রোতে ভ্রমণ করতে পারবেন এই কার্ড ব্যবহার করে।

বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই কার্ডের বৈধতা থাকবে তিন দিন ও পাঁচ দিনের জন্য। তিন দিনের কার্ডের দাম ২৫০ টাকা, আর পাঁচ দিনের কার্ডের দাম ৫৫০ টাকা। মেট্রোর সব টিকিট কাউন্টার থেকেই এই কার্ড কেনা যাবে।

প্রসঙ্গত, গত বছর দুর্গাপুজোর সময়ে প্রতিদিন গড়ে প্রায় ৯ লক্ষ যাত্রী মেট্রোয় যাতায়াত করেছিলেন। এবার মেট্রোর অনুমান, নেটওয়ার্ক সম্প্রসারণের কারণে প্রতিদিন গড়ে ১১ থেকে ১২ লক্ষ যাত্রী পরিষেবা নেবেন।

যাত্রীদের ভিড় সামলাতে স্মার্ট কার্ড ও টুরিস্ট স্মার্ট কার্ড ব্যবহারের পাশাপাশি ‘আমার মেট্রো’ অ্যাপ ব্যবহার করে টিকিট কাটার জন্য উৎসাহ দিচ্ছে কর্তৃপক্ষ। এই অ্যাপ ব্যবহার করলে টিকিটে মিলবে ৫% ছাড়ও। কলকাতা মেট্রোর দাবি, এসব ব্যবস্থার ফলে দুর্গাপুজোর দিনগুলিতে যাত্রী পরিষেবা আরও স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *