ধূপগুড়র স্টেশন সংলগ্ন ৩ নং ব্রিজ এলাকার এশিয়ান হাইওয়ে ৪৮ এর উপরে বিকেলে আচমকায় ঘটে যায় দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে বাসযাত্রীরা জানায়, ধূপগুড়ি বাস ডিপো থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় একটি বেসরকারি বাসকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা মারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভলভো বাসটি। দুর্ঘটনায় বেসরকারি বাসের পেছনের অংশটি দুমড়ে মুছড়ে যায়। অন্যদিকে ভলভো বাসটির সামনের গ্লাস ভেঙ্গে যায়, হেট ল্যাম্প ভেঙে যায়। সরকারি বাসের কোন যাত্রী কোনোভাবে আহত না হলেও বেসরকারি বাসের মোট ৬ জন গুরুতর আঘাত পায়। এশিয়ান হাইওয়ের উপর আচমকা বিকট শব্দ শুনতেই পার্শ্ববর্তী পথ চলতি মানুষেরা ছুটে আসে। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পাঠান। ঘটনার খবর চাওর হতে ছুটে আসে ধূপগুড়ি ট্রাফিক পুলিশের ওসি সহ ধূপগুড়ি থানার পুলিশ। ছুটে আসে ধূপগুড়ি দমকলের বিভাগের একটি গাড়ি। দুটি গাড়িকেই পুলিশ আটক করে তদন্ত শুরু করছে।


