দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)-র বিজ্ঞানীদের মধ্যে পদত্যাগ ও স্বেচ্ছাবসরের প্রবণতা বাড়তে থাকায় নড়েচড়ে বসল কেন্দ্র। বিশেষ করে গগনযান-সহ গুরুত্বপূর্ণ মহাকাশ প্রকল্পে কর্মরত বিজ্ঞানীদের একের পর এক চাকরি ছাড়ার আবেদনে উদ্বেগ প্রকাশ করেছে ডিপার্টমেন্ট অফ স্পেস (DoS)।
১৪ জুলাই জারি হওয়া এক নির্দেশিকায় ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার (URSC), বিক্রম সারাভাই স্পেস সেন্টার (VSSC)-সহ ইসরোর বিভিন্ন কেন্দ্রকে জানানো হয়েছে, গ্রুপ ‘এ’ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত কর্মীদের পদত্যাগ বা স্বেচ্ছাবসরের আবেদন আর স্বাভাবিক নিয়মে গ্রহণ করা যাবে না, যদি তাঁরা গগনযান বা অন্য কোনও জাতীয় গুরুত্বপূর্ণ মিশনের সঙ্গে যুক্ত থাকেন।
ডিপার্টমেন্ট অফ স্পেসের বক্তব্য, সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ প্রকল্পে কর্মরত বিজ্ঞানীদের পদত্যাগ ও স্বেচ্ছাবসরের আবেদন অস্বাভাবিক হারে বেড়েছে। এর জেরে জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ একাধিক মহাকাশ প্রকল্পের কাজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তাই নতুন নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে, এ ধরনের আবেদন প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে বিবেচনা করতে হবে। কোনওভাবেই তা রুটিন প্রক্রিয়ায় অনুমোদন করা যাবে না। ভারতের প্রথম মানববাহী মহাকাশ অভিযান গগনযান-এর প্রস্তুতির মাঝেই এই নির্দেশিকা জারি হওয়ায় বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


