আগামী বছরের বিধানসভা ভোটের আগে রাজ্য জুড়ে এসআইআর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনীতি। ঠিক এই সময় বনগাঁ সফরে যাওয়ার পথে ফের হেলিকপ্টার-সংক্রান্ত বিভ্রাটে পড়লেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্সিওরেন্স সংক্রান্ত হঠাৎ জটিলতা তৈরি হওয়ায় তিনি সরাসরি রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। অভিযোগের নিশানায় বিজেপি।
মঙ্গলবার বনগাঁর ত্রিকোণ পার্কের সভামঞ্চে উঠে মমতা বলেন, তাঁর পৌঁছতে দেরি হয়েছে এবং এর জন্য দুঃখও প্রকাশ করেন। তারপরই কপ্টার-বিতর্কে কটাক্ষ, “আমি ৭-৮ মাস হেলিকপ্টার ব্যবহার করি না। গাড়িতে ঘুরি। সরকারের একটা কপ্টার নেওয়া আছে। আজ হঠাৎ খবর এল সেটা যাবে না। ভোট এখনও শুরু হয়নি, তার মধ্যেই সংঘাত শুরু হয়ে গেল!”
তিনি আরও যোগ করেন, “রাস্তায় আসতে আসতে আমার জনসংযোগ আরও ভাল হয়ে গেল। আমি বিজেপিকে বারবার বলি— আমার সঙ্গে খেলতে যেও না। খেলতে এলে আমি এমনভাবে খেলব যে আমাকে ধরতেও পারবে না, ছুঁতেও পারবে না।”
এই প্রথম নয়— অতীতেও একাধিকবার মমতার কপ্টার নিয়েই বিতর্ক তৈরি হয়েছে, অভিযোগ উঠেছে রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এমন বাধা তৈরি করা হয়।


