প্রায় এক দশক পর ফের বিদেশ থেকে চিনি আমদানি করতে পারে ভারত। দেশের বাজারে সরবরাহ ঘাটতি ও লাগামছাড়া দাম নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ১০ লক্ষ টন শুল্কমুক্ত চিনি আমদানির পরিকল্পনা করছে কেন্দ্র। রয়টার্স সূত্রে এই খবর সামনে এসেছে।
চিনি উৎপাদনে দীর্ঘদিন স্বনির্ভর ভারত প্রতি বছর বিপুল পরিমাণ চিনি রপ্তানিও করে। কিন্তু এবার অনিয়মিত বর্ষায় আখ উৎপাদন কমার পাশাপাশি ইথানল তৈরিতে আখের রসের ব্যবহার বেড়ে যাওয়ায় চিনির উৎপাদনে বড় চাপ তৈরি হয়েছে। ইথানল উৎপাদনের জন্য প্রায় ৩০-৩৫ শতাংশ আখের রস ব্যবহৃত হওয়ায় চিনিকলগুলিতে আখের সরবরাহও কমেছে।
এর প্রভাব পড়েছে বাজারে। মহারাষ্ট্রের কোলহাপুরে মঙ্গলবার প্রতি কুইন্টাল চিনির দাম ৫,৪০০ টাকা পর্যন্ত পৌঁছেছে, যা চলতি মরশুমে সর্বোচ্চ। দেশজুড়ে পাইকারি বাজারে গড় দাম প্রায় ৫২.৩০ টাকা প্রতি কেজি, আর খোলাবাজারে বিভিন্ন শহরে দাম বেড়ে ৫৮ থেকে ৬৫ টাকা পর্যন্ত হয়েছে।
সামনে দুর্গাপুজো ও দীপাবলির মতো উৎসব। ফলে চিনির চাহিদা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। দাম নিয়ন্ত্রণে আমদানি করা হলেও প্রাথমিকভাবে কুইন্টালপ্রতি সর্বোচ্চ প্রায় ৫০০ টাকা পর্যন্ত দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে। প্রয়োজনে পরে আরও চিনি আমদানির সিদ্ধান্ত নিতে পারে সরকার।


