একটি বহুতল, তার ভিতরেই একের পর এক হোটেল। ছোট ছোট ঘরে ঠাসাঠাসি করে অতিথিদের থাকার ব্যবস্থা, সর্বত্র এসির ব্যবহার। আর সেই বহুতলেই ভয়াবহ আগুন। নিউমার্কেটের মর্মান্তিক ঘটনায় ৯ জনের মৃত্যুর পর এবার প্রশ্ন উঠছে— দিনের পর দিন এমন ব্যবস্থা চললেও নজরদারি কোথায় ছিল?
ঘটনার পর বুধবার সকালে এলাকায় পৌঁছে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরিস্থিতি দেখে একাধিক সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বহুতলের বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে হোটেল চালানোর অনুমতি— সবকিছুই এবার তদন্তের আওতায় আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী।
শুধু আগুন কীভাবে লাগল, তা নয়। তদন্তকারীদের সামনে আরও বড় প্রশ্ন, এতগুলি হোটেল একই বহুতলের মধ্যে কীভাবে চলছিল? অগ্নি-নিরাপত্তার নিয়ম মানা হয়েছিল কি না, ট্রেড লাইসেন্স এবং প্রয়োজনীয় ছাড়পত্র কীভাবে দেওয়া হয়েছিল— খতিয়ে দেখা হবে সব দিকই।
এই ঘটনার পর কলকাতার অন্যান্য হোটেলের নিরাপত্তা ব্যবস্থাও নতুন করে পরীক্ষা করার কথা জানিয়েছেন মন্ত্রী। পুরসভার আওতাধীন হোটেলগুলির অডিটের কথাও উঠে এসেছে।
ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। স্বতঃপ্রণোদিত মামলা রুজু হওয়ার পাশাপাশি ডিসিডিডির নেতৃত্বে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে খবর। দমকল বিভাগের তরফেও অভিযোগ জানানো হয়েছে। সংশ্লিষ্ট বহুতল ও হোটেলগুলির মালিকদের ভূমিকা খতিয়ে দেখতে চলছে তল্লাশি।
নিউমার্কেটের এই ভয়াবহ অগ্নিকাণ্ড এখন শুধু একটি দুর্ঘটনা নয়, শহরের হোটেল নিরাপত্তা ব্যবস্থা এবং অনুমোদন প্রক্রিয়াকেও বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।


