ফ্ল্যাট দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরার পর আবারও চর্চার কেন্দ্রে অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ নুসরত জাহান। বুধবার কলকাতার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে তাঁকে জেরা করা হয়।
তারপর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। কখনও রেশন দুর্নীতি, কখনও আবার ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার’ সংস্থার আর্থিক জালিয়াতির অভিযোগ তুলে অভিনেত্রীকে ঘিরে কটাক্ষ ছুড়ছেন নেটিজেনদের একাংশ। এমনকি তাঁর অতীতের বিয়ে বিতর্কও ফের নতুন করে আলোচনায় উঠে এসেছে।
এই পরিস্থিতির মধ্যেই সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন নুসরত। কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, “অভিযোগ আর অপবাদের মাঝামাঝি কোথাও শান্তি খুঁজে ফিরছি, যতক্ষণ না সত্যিটা খুঁজে পাই আমরা।”
শুধু তাই নয়, নিন্দুকদের উদ্দেশেও সরাসরি বার্তা দিয়েছেন তিনি। পোস্টে লিখেছেন, “এসো নিন্দুকগণ, যা ইচ্ছে বলার বলে ফেলো।”
বুধবার সকাল সাড়ে নটা নাগাদ টালিগঞ্জের বাড়ি থেকে ইডি দপ্তরের উদ্দেশে রওনা হন নুসরত। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। সকাল সাড়ে ১০টা নাগাদ তারা সিজিও কমপ্লেক্সে পৌঁছন।
প্রথমে জানা গিয়েছিল রেশন দুর্নীতি মামলায় তাঁর নাম উঠে এসেছে। তবে পরে স্পষ্ট হয়, রাজারহাট এলাকায় ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগের ভিত্তিতে এই তদন্ত চলছে। যে সংস্থা ওই ফ্ল্যাট প্রকল্প তৈরি করেছিল, সেখানে অন্যতম ডিরেক্টর ছিলেন নুসরত জাহান।
ইডি সূত্রে খবর, গত কয়েক মাসের তদন্তে নতুন কিছু তথ্য সামনে এসেছে। সেই সূত্রেই তাঁকে আবার জেরার জন্য ডেকে পাঠানো হয়।
সেদিন ইডি দপ্তর থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন নুসরত। কী কথা হয়েছে জানতে চাইলে সংক্ষিপ্ত জবাব দেন তিনি, “আপনারা খবর নিয়ে নিন।”


