রবিবার সকাল থেকেই জাদুসম্রাট পি সি সরকারের বাইপাসের ধারের বাড়িতে জমে উঠেছে বিয়েবাড়ির আনন্দ। গায়ে হলুদের রঙে রঙিন হয়ে উঠেছেন জাদুকরকন্যা মৌবনী সরকার। হলুদ শাড়ি, সোনার গয়না আর একগাল হাসিতে উজ্জ্বল ছিলেন তিনি।
শনিবারই মেহেন্দির পর্ব সেরেছেন মৌবনী। হাতে মেহেন্দির নকশায় জ্বলজ্বল করছে হবু বর সৌম্য রায়ের নামের আদ্যাক্ষর। চন্দননগরের বাসিন্দা সৌম্য পেশায় রিসার্চ অ্যানালিস্ট। আজই সাত পাকে বাঁধা পড়বেন এই জুটি। জাদুসম্রাটের বাড়িতে তাই সকাল থেকেই চলছে বিয়ের উচ্ছ্বাস, তোরজোড় আর পরিবারের ব্যস্ততা।


