রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি এবং বার্ধক্য ভাতার মতো নির্বাচনী প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ইতিমধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করেছে। এবার যুবশক্তি ও বার্ধক্য ভাতা প্রকল্প নিয়েও বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শনিবার মালদহের এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার আওতায় ইতিমধ্যেই প্রায় ৫০ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে। এরপর যুবশক্তি ও বার্ধক্য ভাতা প্রসঙ্গে তিনি বলেন, “বার্ধক্য ভাতা ও যুবশক্তি নিয়ে আমরা কাজ এগোচ্ছি। খুব শীঘ্রই বেকার ভাতা চালু হয়ে যাবে।”
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই জল্পনা শুরু হয়েছে যে, প্রতিশ্রুত যুবশক্তি প্রকল্প চালুর পথে প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে। সরকারের তরফে এখনও নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা না হলেও খুব শীঘ্রই এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, পূর্ববর্তী সরকারের আমলে চালু হওয়া ‘যুবসাথী’ প্রকল্পে বেকার যুবক-যুবতীদের মাসিক ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো। নির্বাচনী প্রচারে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে ‘যুবশক্তি’ প্রকল্পের মাধ্যমে বেকারদের মাসে ৩,০০০ টাকা দেওয়া হবে। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া চাকরিপ্রার্থীদের এককালীন ১৫,০০০ টাকার আর্থিক সহায়তার কথাও ঘোষণা করা হয়েছিল।
সরকারি সূত্রে জানা যাচ্ছে, প্রকল্পের উপভোক্তা তালিকা তৈরির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। যোগ্য প্রাপকদের চিহ্নিত করে স্বচ্ছতার সঙ্গে সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই যাচাই প্রক্রিয়া চালানো হচ্ছে। ফলে যুবশক্তি ও বার্ধক্য ভাতা নিয়ে অপেক্ষায় থাকা লক্ষ লক্ষ মানুষের নজর এখন সরকারের পরবর্তী ঘোষণার দিকে।


