রবিবার ভোররাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বড়সড় অভিযান চালায় ডোমকল থানার পুলিশ। রাত প্রায় আড়াইটা নাগাদ ডোমকল থানার অন্তর্গত কামুড়দিয়াড় সাহেবপাড়া গ্রামে হানা দিয়ে পুলিশের দল গ্রেফতার করে স্থানীয় বাসিন্দা সবকত মণ্ডলকে।
অভিযানে সবকতের বাড়ি থেকে উদ্ধার হয় দুটি দেশি আগ্নেয়াস্ত্র—একটি ডাবল ব্যারেল ও একটি সিঙ্গেল ব্যারেল—এছাড়াও উদ্ধার হয় চার রাউন্ড গুলি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবার সকালে সবকত মণ্ডলকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে পাঠানো হয়।
ডোমকল থানার পক্ষ থেকে জানানো হয়েছে—
“অবৈধ আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে আমাদের কড়া পদক্ষেপ চলবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা সজাগ।”


