নিজস্ব সংবাদদাতা, কাকদ্বীপ: দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে মুড়িগঙ্গা নদীর চর থেকে সাদা বালি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ভাটার সময় চর জেগে উঠলে একাধিক নৌকায় করে বালি তুলে বাজারে বিক্রি করা হয়। এই কারবারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
সোমবার সকালে লট নম্বর আট এলাকায় নৌকা থেকে বালি নামানোর খবর পেয়ে ঘটনাস্থলে যায় সুন্দরবন পুলিশ জেলার হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বালি তোলার অনুমতি ছিল কি না এবং এর সঙ্গে কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য সৌম্যকান্তি জানা বলেন, নদীর চর থেকে অতিরিক্ত বালি তোলা হলে নদীর গভীরতার ভারসাম্য নষ্ট হতে পারে। এতে নদীবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়া, নদীর গতিপথ বদলে যাওয়া এবং বাস্তুতন্ত্রের ক্ষতির আশঙ্কা রয়েছে।
কাকদ্বীপ মহকুমা প্রশাসনের এক আধিকারিক বলেন, “বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখা হচ্ছে। বেআইনি বালি তোলার প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে।”


