বাংলার ভোটের আগে দিল্লির সিআর পার্কে এক ভিন্ন আবহ। দুর্গাপুজোর অষ্টমীতে প্রথমবার আরতি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারই প্রথম তিনি সিআর পার্কের অন্যতম বড় পুজোমণ্ডপে উপস্থিত থেকে অঞ্জলি ও আরতিতে অংশ নিলেন। পুজো মণ্ডপে ভিড় উপচে পড়ে যায় মোদিকে ঘিরে।
রাজনৈতিক মহলের মতে, বাংলার বিধানসভা ভোটের আগে এই উপস্থিতি নিছক কাকতালীয় নয়। দুর্গা শরণে মোদির এই যাত্রা সরাসরি বার্তা বহন করছে ভোটের রাজনীতিতে। দীর্ঘদিন ধরে বাংলায় শারদোৎসবকে কেন্দ্র করে যে আবেগ তৈরি হয়, তা ছুঁয়ে দেখতেই হয়তো এদিন সিআর পার্কে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।
পুজোর মণ্ডপে মোদি বলেন, “দুর্গাপুজো শুধু উৎসব নয়, এটা সংস্কৃতি ও শক্তির প্রতীক। মা দুর্গার আশীর্বাদে দেশ ও বাংলার মঙ্গল হোক।” তার বক্তব্যে বাংলার নাম উচ্চারণ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
ভোটের আগে বিজেপির সর্বোচ্চ নেতা বাংলার উৎসব-সংস্কৃতির সঙ্গে নিজেকে যুক্ত করলেন—এটিকে কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখছে বিশেষজ্ঞরা।


