মঙ্গলবার ৭৩ বছরে পা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বিশেষ দিনে তাঁকে ফোন করে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, দুই রাষ্ট্রনেতার মধ্যে ফোনালাপে ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি মোদি জানিয়েছেন, পুতিনকে ভারতে স্বাগত জানাতে তাঁর সরকার অধীর আগ্রহে অপেক্ষা করছে।
সূত্রের খবর, ডিসেম্বরেই ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট। নয়াদিল্লিতে মুখোমুখি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। বিশেষজ্ঞদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্কযুদ্ধ’-এর প্রেক্ষিতে দুই দেশ কৌশলগত সম্পর্ক আরও মজবুত করার বিষয়টি প্রধান আলোচ্য হবে। তবে বৈঠকে জ্বালানি, বাণিজ্য, প্রতিরক্ষা এবং কৃষিপণ্য বিনিময়সহ আরও নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হতে পারে।
সম্প্রতি এক আন্তর্জাতিক সম্মেলনে ভারতের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছিলেন পুতিন। ১৪০টি দেশের প্রতিনিধিদের সামনে তিনি বলেন, “ভারতের সঙ্গে আমাদের কখনও কোনও সমস্যা ছিল না। ভারত অপমান সহ্য করবে না, বাইরে থেকে যতই চাপ আসুক, মাথা নোয়াবে না ভারত।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বন্ধু’ বলে সম্বোধন করে তিনি আরও জানান, “ভারতের মর্যাদায় আঘাত হানে এমন কোনও পদক্ষেপ নেবেন না মোদি।”
রুশ তেল কেনা নিয়েও ভারতের পাশে দাঁড়িয়েছেন পুতিন। তাঁর বক্তব্য, “ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে, তবে প্রায় ৯০০ থেকে ১০০০ কোটি ডলারের লোকসান হবে। দেশের মানুষ দেখবে, নেতারা দেশের স্বার্থে কী সিদ্ধান্ত নেন। ভারতের ক্ষতি মেটাতে রাশিয়া আরও বেশি কৃষিপণ্য ও ওষুধ আমদানি করতে প্রস্তুত।”


