ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে জোরদার প্রচারে নামতে চলেছে বিজেপি। কেন্দ্রের শীর্ষ নেতৃত্ব ডিসেম্বর থেকেই ধারাবাহিকভাবে রাজ্যে এসে রাজনৈতিক কর্মসূচি করবেন—এমনটাই জানিয়েছে গেরুয়া শিবির।
দলীয় সূত্রে খবর, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টানা বিভিন্ন জেলা সফর করবেন। সভা, রোডশো থেকে শুরু করে সাংগঠনিক বৈঠক—প্রচারের তালিকায় থাকছে নানা কর্মসূচি। বছর শেষে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার জানান, প্রধানমন্ত্রীর কাছে দশটি বিভাগের জন্য দশটি আলাদা কর্মসূচির প্রস্তাব পাঠানো হয়েছিল। এর মধ্যে তিনটি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বাকি বিভাগগুলোতেও ডিসেম্বরেই কর্মসূচি হবে। দলের জাতীয় সভাপতি এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারাও বঙ্গে যোগ দেবেন বলে তিনি জানান।
এদিকে বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল নির্দেশ দিয়েছেন, ডিসেম্বর থেকে প্রতিটি বিধানসভা কেন্দ্রে সরাসরি প্রচার বাড়াতে হবে। দুর্নীতি-সহ রাজ্যের বিভিন্ন ইস্যুকে সামনে রেখে পথসভা, মিছিল ও জনসংযোগ অভিযানে জোর দিতে বলা হয়েছে। পাশাপাশি শীর্ষ নেতৃত্বকে প্রতিটি কেন্দ্রে তিন দিন করে প্রবাসে থেকে সংগঠনকে চাঙ্গা করার দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্বাচন যত এগোচ্ছে, ততই কার্যকরী প্রচারে জোর দিচ্ছে বিজেপি। ডিসেম্বর থেকে মোদি-শাহর সফর শুরু হলে বঙ্গ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।


