ইমরান খানকে নিয়ে রহস্য আরও গভীর — ছেলের বিস্ফোরক দাবি, ‘ডেথ সেলে বন্দি, কোনও প্রমাণ নেই তিনি জীবিত’

Spread the love

ইমরান খানকে ঘিরে জল্পনা আবার চড়া তাপে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবিত থাকা নিয়েই প্রশ্ন তুললেন তাঁর ছেলে কাশিম খান। তাঁর বিস্ফোরক অভিযোগ— ইমরানকে রাখা হয়েছে ‘ডেথ সেলে’, আর গত ছয় সপ্তাহ ধরে তাঁর সঙ্গে পরিবারের কোনও যোগাযোগ নেই। ফোন নয়, দেখা নয়— এমনকি জীবিত থাকারও কোনও প্রমাণ হাতে নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন কাশিম।

আদিয়ালা জেলের তরফে অবশ্য এই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়ে বলা হয়েছে, ইমরান জীবিত, তাঁর স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হচ্ছে নিয়মিত। তাঁকে অন্যত্র সরানো হয়েছে বলেও অস্বীকার করেছে জেল কর্তৃপক্ষ।

কিন্তু তাতে কি সন্দেহ থামছে? বরং প্রশ্ন বাড়ছে আরও— যদি সব ঠিক থাকে, তাহলে কেন দেখা করতে দেওয়া হচ্ছে না পরিবারের কাউকে?

কাশিমের দাবি, শাহবাজ শরিফ সরকার আইন, নৈতিকতা ও আন্তর্জাতিক মানবাধিকার তিন ক্ষেত্রেই অপরাধী। তিনি আন্তর্জাতিক মহলের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন।

এদিকে ইমরানের বোন আলিমা খান ক্ষোভে ফুঁসছেন। তাঁর বক্তব্য, “দাদার একটি চুল স্পর্শ করতেও দেবে না পাকিস্তানের জনতা। আদালত, বিচার—সবই আজ প্রহসন।”

তাঁর আরও দাবি, কয়েক সপ্তাহ আগেও ইমরানের শরীর অত্যন্ত ভালো ছিল, ফলে অসুস্থতা বা বার্ধক্যকে অজুহাত হিসেবে দেখানোর সুযোগ নেই সরকারের।

সব মিলিয়ে, ইমরান খানকে ঘিরে রহস্য ক্রমেই ঘন হচ্ছে। তিনি আদৌ কোথায়, কেমন অবস্থায়— সেই প্রশ্ন সারাবিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু।

সময়ের সঙ্গে সঙ্গে গুঞ্জন কি সত্যি হবে, নাকি সরকারের আশ্বাসে আস্থা ফিরবে— এখন সেই অপেক্ষা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *