এসআইআর বিতর্কে উত্তাল মতুয়াপাড়া, ঠাকুরনগরে অভিষেকের কর্মসূচি ঘিরে রাজনৈতিক টানাপড়েন

Spread the love

এসআইআর সংক্রান্ত চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশের পর থেকেই মতুয়া সমাজের মধ্যে বাড়ছে উদ্বেগ। অভিযোগ, তালিকা থেকে বহু মতুয়া উদ্বাস্তু পরিবারের নাম বাদ পড়েছে। দীর্ঘদিন ধরে নাগরিকত্ব ও ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তায় থাকা মানুষজনের কাছে এই ঘটনা নতুন করে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার উপর মতুয়াদের নাম বাদ যাওয়া প্রসঙ্গে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুরের মন্তব্যে ক্ষোভ আরও বেড়েছে বলে মতুয়া মহলের একাংশের দাবি।

এই আবহেই মতুয়াদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে ঠাকুরনগর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৯ জানুয়ারি তিনি ঠাকুরবাড়িতে যাবেন এবং হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে। তৃণমূলের বক্তব্য, মতুয়া সমাজের উদ্বেগ-আশঙ্কা শোনাই এই সফরের মূল উদ্দেশ্য।

তবে অভিষেকের এই কর্মসূচিকে কেন্দ্র করেই শুরু হয়েছে নতুন বিতর্ক। শান্তনু ঠাকুর পালটা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, অভিষেককে মন্দিরে পুজো দিতে দেওয়া হবে না। এই মন্তব্যের জেরে ঠাকুরবাড়ি ও আশপাশের এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। কে পুজো দেবেন, কে দেবেন না—এই প্রশ্নের আড়ালে এসআইআর ও ভোটার তালিকা নিয়ে মতুয়া সমাজের ভবিষ্যৎ অনিশ্চয়তাই এখন রাজনৈতিক সংঘাতের কেন্দ্রে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *