Spread the love

হাওড়া ডিভিশনের তারকেশ্বর শাখায় পরিকাঠামোগত উন্নয়নকাজের জন্য সপ্তাহান্তজুড়ে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক নেওয়ায় ব্যাহত হচ্ছে রেল চলাচল। শনিবার মধ্যরাত থেকে সোমবার পর্যন্ত এই ব্লকের জেরে মোট ২০টি আপ ও ডাউন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারকেশ্বর স্টেশনে ফুটওভার ব্রিজ বসানোর কাজের জন্য শনিবার-রবিবার এবং রবিবার-সোমবার মধ্যবর্তী দুই রাতে ৪ ঘণ্টা ৩০ মিনিট করে পাওয়ার ব্লক প্রয়োজন হচ্ছে। পাশাপাশি আরামবাগ ও মায়াপুর স্টেশনের মাঝে সাবওয়ে নির্মাণকাজ চলায় শনিবার ও রবিবার মধ্যবর্তী রাতে টানা ৮ ঘণ্টা ১৫ মিনিট ট্র্যাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। এই দুই কাজ মিলিয়েই সপ্তাহান্তে ট্রেন চলাচলে বড়সড় প্রভাব পড়ছে।

এর ফলে শনিবার রাতে ৩টি, রবিবার ১২টি এবং সোমবার ৫টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। তারকেশ্বর স্টেশনে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি টাঙানো হয়েছে। বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে রবিবারের ৩৭৩৭৩ হাওড়া–গোঘাট, ৩৭৩৭৪ গোঘাট–হাওড়া, ৩৭৪০১ তারকেশ্বর–গোঘাট, ৩৭৪২১ তারকেশ্বর–আরামবাগ, ৩৭৩৭২ গোঘাট–তারকেশ্বর, ৩৭৩৫১ হাওড়া–তারকেশ্বর, ৩৭৪০২ গোঘাট–তারকেশ্বর, ৩৭৪২২ আরামবাগ–তারকেশ্বর, ৩৭৩৭১ হাওড়া–গোঘাট, ৩৭৩১২ তারকেশ্বর–হাওড়া, ৩৭৪১৪ তারকেশ্বর–শেওড়াফুলি ও ৩৭৪১৩ শেওড়াফুলি–তারকেশ্বর লোকাল।

হঠাৎ করে একাধিক লোকাল বাতিল হওয়ায় সপ্তাহান্তে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা রয়েছে। রেল কর্তৃপক্ষ কাজ শেষ হলে স্বাভাবিক পরিষেবা দ্রুত ফেরানোর আশ্বাস দিলেও যাত্রীদের বিকল্প পরিকল্পনা করে যাত্রার পরামর্শ দেওয়া হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *