বুধবার দুপুরে Aliah University-র এক অনুষ্ঠানে হাজির হয়েই অস্বস্তির মুখে পড়তে হল সিপিএমের রাজ্য সম্পাদক Mohammad Salim-কে। ক্যাম্পাসে পা রাখার পরই ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। বিক্ষোভ বাড়তে থাকায় শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থল ছেড়ে গাড়িতে ওঠেন তিনি। আর সেই মুহূর্তেই ঘটে যায় বিতর্কের সূত্রপাত।
গাড়িতে বসে জানলার কাঁচ নামিয়ে হাতে ধরা একটি কলার খোসা দেখান সেলিম। কয়েক সেকেন্ডের সেই দৃশ্যই মোবাইল ক্যামেরায় বন্দি হয়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তারপরই শুরু ট্রোল, কটাক্ষ, রাজনৈতিক তরজা। বিরোধীদের অভিযোগ, বিক্ষোভকারীদের উদ্দেশেই ওই ইঙ্গিত। প্রশ্ন উঠছে—একজন বর্ষীয়ান নেতার কাছ থেকে এমন আচরণ কি শোভন?
তবে সেলিমের বক্তব্য ভিন্ন। তাঁর দাবি, বিষয়টিকে বাড়িয়ে দেখা হচ্ছে। কারও উদ্দেশে অপমান করতে চাননি তিনি। পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠেছিল, সেই আবহেই হালকা মেজাজে প্রতিক্রিয়া দিয়েছিলেন। সমর্থকদের মতে, সামান্য ঘটনাকে রাজনৈতিকভাবে রঙ চড়িয়ে বিতর্ক তৈরির চেষ্টা চলছে।
শিক্ষাঙ্গনে রাজনীতি, বিক্ষোভের ভাষা আর নেতাদের প্রতিক্রিয়া—সব মিলিয়ে ঘটনাটি এখন আলোচনার কেন্দ্রে। কলার খোসা দেখানোর সেই মুহূর্তে হয়তো সময় লেগেছিল কয়েক সেকেন্ড, কিন্তু তার রেশ ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতির ময়দানে।


