আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান থেকে নাম না করে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় কথা বলার জন্য ভিন্রাজ্যে হেনস্থার অভিযোগ তুলে তিনি বলেন, গায়ের জোরে মন জয় করা যায় না, আগে বাংলা শুনতে ও বুঝতে শিখতে হবে। তাঁর দাবি, কিছু রাজনৈতিক শক্তি জোর করে পশ্চিমবঙ্গকে দখল করতে চাইছে, কিন্তু বাংলার মানুষ তা মেনে নেবেন না।
সামনেই বিধানসভা ভোট। তার আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এবং ভিন্রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশি সন্দেহে হয়রানির প্রসঙ্গ টেনে সরব হয়েছে তৃণমূল। কলকাতায় ভাষা দিবসের মঞ্চ থেকে সেই অভিযোগই তুলে ধরেন মমতা। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, আমগাছে আম হয়, আমড়া হয় না। আবার রসিকতার সুরে বলেন, ছোটরা যেমন হ্যাংলামি করে, তেমনই কেউ কেউ বাংলার জন্য বেশি হ্যাংলা হয়ে উঠেছে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, বাংলা ভাষার জন্য মানুষ শহিদ হতে পারে, সেই ভাষায় কথা বললেই যদি অনুপ্রবেশকারীর তকমা দেওয়া হয়, তা হলে তা মেনে নেওয়া যায় না। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণের অভিযোগ উঠেছে বলেও তিনি দাবি করেন। অনেক পরিযায়ী শ্রমিক নাকি কাজ ছেড়ে বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন। ভাষা দিবসের মঞ্চ থেকে তিনি সেই ঘটনাগুলির নিন্দা করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা ভাষাকে ধ্রুপদী মর্যাদা দেওয়ার দাবিকেও খারিজ করেন মমতা। তাঁর কথায়, বাংলা কারও দয়ায় বাঁচে না, বাংলাকে জোর করে দখল করা যায় না। তিনি আরও বলেন, মাতৃভাষা দিবস মানে শুধু বাংলা নয়, সব ভাষার প্রতি সম্মান। কোনও ভাষার উপর আঘাত এলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই কর্তব্য। বাংলার সংস্কৃতি ও ভাষা রক্ষায় সকলকে একসঙ্গে থাকার ডাকও দেন মুখ্যমন্ত্রী।


