এক ইমেলেই মুম্বইজুড়ে আতঙ্ক! নিশানায় বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’, গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট, আদালত থেকে শুরু করে মেট্রো পরিষেবাও। বোমা বিস্ফোরণ, ড্রোন হামলা ও গ্রেনেড আক্রমণের ভয়াবহ হুমকি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাণিজ্যনগরীতে। বৃহস্পতিবার মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে এবং পুর কমিশনার অশ্বিনী ভিড়ের দফতরে এই হুমকি ইমেল পৌঁছয় বলে খবর।
রিপোর্ট অনুযায়ী, সকাল ১০টা নাগাদ আসা ইমেলটি পাঞ্জাবি, হিন্দি ও ইংরেজি ভাষায় লেখা। সেখানে ২৬ নভেম্বর দুপুর ১টা ১১ মিনিটে মেয়রের দফতর এবং বিকেল ৩টেয় একটি আদালতে হামলার হুঁশিয়ারি দেওয়া হয়। শুধু তাই নয়, ২৭ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ড্রোনের মাধ্যমে অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’য় হামলার হুমকিও দেওয়া হয়েছে।
সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে দিলজিৎ দোসাঞ্ঝের অনুষ্ঠানকে ঘিরে। ২৭ নভেম্বর মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে তাঁর কনসার্ট হওয়ার কথা। ইমেল প্রেরক গায়কের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে অনুষ্ঠান বাতিলের হুঁশিয়ারি দিয়েছে। দর্শকদের উদ্দেশেও অদ্ভুত সতর্কবার্তা দেওয়া হয়েছে। মাটিতে পড়ে থাকা কোনও আইফোন যেন কেউ কুড়িয়ে না নেন, সেই নির্দেশও রয়েছে ইমেলে।
অভিযোগ, দিলজিতের তিন ঘণ্টার অনুষ্ঠান বাতিল না হলে আগামী ৩০ দিন মুম্বইয়ের বিভিন্ন জায়গায় গ্রেনেড হামলা চালানো হবে। এখানেই শেষ নয়, শহরের একাধিক মেট্রো ট্রেনের ভিতরে আইইডি বিস্ফোরক রাখা হয়েছে বলেও দাবি করা হয়েছে। ২৭ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মেট্রো পরিষেবা এড়িয়ে চলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
এক পুলিশ আধিকারিকের দাবি, ইমেলে খালিস্তানপন্থী স্লোগানের পাশাপাশি ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গ রয়েছে। খালিস্তান ন্যাশনাল আর্মি এবং বাব্বর খালসা (পরমার-কানাডা) নামে দুটি সংগঠনের উল্লেখও পাওয়া গিয়েছে।
গত কয়েক দিনে এ ধরনের হুমকি ইমেলের সংখ্যা বেড়েছে বলে পুলিশ সূত্রে খবর। দিলজিতের কনসার্টকে কেন্দ্র করে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। তবে ইমেলে করা দাবিগুলি এখনও অভিযোগ হিসেবেই বিবেচিত হচ্ছে। সেগুলির সত্যতা যাচাই এবং সম্ভাব্য বিপদ মোকাবিলায় সতর্ক রয়েছে প্রশাসন।


