বলিউডের বাদশা শাহরুখ খান যেখানে, সেখানেই যেন আলাদা উন্মাদনা! এবার উদয়পুরের এক ব্যক্তিগত বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে নিজের পরিচিত স্টাইলেই আসর মাতিয়ে দিলেন কিং খান। কখনও সিনেমার জনপ্রিয় সংলাপ, কখনও নাচ, আবার কখনও নবদম্পতির সঙ্গে খুনসুটি—সব মিলিয়ে বিয়েবাড়িকে কার্যত বলিউডের জমকালো মঞ্চে পরিণত করলেন তিনি।
অনুষ্ঠানে বরকে সামনে পেয়ে ‘ওম শান্তি ওম’ ছবির তাঁর বিখ্যাত রোম্যান্টিক সংলাপ নতুন করে পরিবেশন করেন শাহরুখ। প্রিয় তারকার মুখে সেই পরিচিত সংলাপ শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত অতিথিরা। মুহূর্তের মধ্যেই সেটি হয়ে ওঠে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
শুধু সংলাপেই থেমে থাকেননি অভিনেতা। বরের সঙ্গে পা মেলান নাচেও। অতিথিদেরও উৎসবে শামিল হওয়ার জন্য উৎসাহিত করেন তিনি। এমনকী জনপ্রিয় গান ‘লুঙ্গি ডান্স’-এর তালে শাহরুখের নাচে আরও জমে ওঠে বিয়ের আসর।
অনুষ্ঠানের একাধিক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। শাহরুখের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, মজার মুহূর্ত এবং নাচ দেখে মুগ্ধ অনুরাগীরা। পর্দার বাইরেও কীভাবে নিজের উপস্থিতি দিয়ে মুহূর্তকে স্মরণীয় করে তোলা যায়, উদয়পুরের এই বিয়েবাড়িতে ফের তারই প্রমাণ দিলেন বলিউড বাদশা।


