এবার আর শুধু সিনেমার পর্দায় নয়, কলকাতার ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়ালের খোলা আকাশের নীচেই বসতে চলেছে তারকার মেলা। নতুন আঙ্গিকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। আগামী ১৬ ডিসেম্বর ভিক্টোরিয়া মেমোরিয়ালে হবে উদ্বোধন, ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে উৎসব।
এবারের উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম বড় আকর্ষণ হতে পারেন সলমন খান। তাঁর উপস্থিতির সম্ভাবনাকে ঘিরে দর্শকদের আগ্রহ এতটাই যে, ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে প্রায় চার হাজার অতিরিক্ত আসন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রের খবর। অর্থাৎ উদ্বোধনী সন্ধ্যায় ভিড় যে নজির গড়তে পারে, তার আঁচ মিলছে আগেই।
শুধু সলমন নন, রজনীকান্ত, প্রভাস, অনুপম খের, পরেশ রাওয়াল এবং কঙ্গনা রানাওয়াতের মতো তারকাদেরও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। একসঙ্গে এত তারকার উপস্থিতি ঘিরে স্বাভাবিকভাবেই উৎসাহ তুঙ্গে। তারকা সমাগমের কথা মাথায় রেখে নিরাপত্তা এবং অন্যান্য পরিকাঠামোগত ব্যবস্থাও আরও জোরদার করা হচ্ছে।
এবারের চলচ্চিত্র উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে একাধিক নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। চলচ্চিত্র উৎসবের কমিটির দায়িত্ব এবং সূচি ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন মিঠুন চক্রবর্তী। পাশাপাশি ফিল্ম বাজারকে বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনাও রয়েছে। সিনেমা-শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের জন্য এই পরিসরকে আরও গুরুত্বপূর্ণ করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
শুধু উৎসবের মূল অনুষ্ঠান নয়, কলকাতার ঐতিহ্যও এবার KIFF-এর আবহের অংশ হতে চলেছে। শহরের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানকে উৎসবের উপযোগী করে সাজানোর পরিকল্পনা রয়েছে। ফলে ১৬ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর—এক সপ্তাহেরও বেশি সময় ধরে কলকাতা জুড়ে তৈরি হতে চলেছে সিনেমার বিশেষ আবহ।


