দীর্ঘ বিতর্কে ইতি। দিঘার জগন্নাথ মন্দির চত্বরের নাম থেকে শেষ পর্যন্ত বাদ পড়ল বিতর্কিত ‘ধাম’ শব্দ। এবার থেকে গোটা চত্বরের নাম ‘শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার’ এবং ভিতরের মন্দিরের নাম ‘শ্রী শ্রী জগন্নাথ মন্দির’। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির আপত্তি ও জগন্নাথ ভক্তদের ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মাঝির চিঠির জবাবে শুভেন্দু জানিয়েছেন, পুরীর শ্রীক্ষেত্রের ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব বিবেচনা করেই নতুন নামকরণ করা হয়েছে। তাঁর মতে, এই নাম মন্দিরের পবিত্রতা এবং গোটা চত্বরের সাংস্কৃতিক পরিচয়—দুইয়েরই যথাযথ প্রতিফলন ঘটাবে।
সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মোহনচরণ মাঝি বলেন, দিঘার মন্দিরের সঙ্গে ‘জগন্নাথ ধাম’ শব্দটি যুক্ত করায় দেশ-বিদেশের অসংখ্য ভক্তের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছিল। কারণ, পুরীর শ্রীক্ষেত্রের মাহাত্ম্য ও আধ্যাত্মিক মর্যাদা অনন্য। ‘ধাম’ শব্দ সরানোর আনুষ্ঠানিক সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে শুভেন্দু অধিকারীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। পাশাপাশি ওড়িয়া পরিচয় ও মহাপ্রভু জগন্নাথের গৌরব রক্ষায় তাঁর সরকারের অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেছেন।


