প্রায় ১৭ বছর পর নিজের দেশে বসে ইদ-উল-ফিতর উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে এবারের ইদের আনন্দ তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই আবহেই তাঁকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্র মোদি তাঁর বার্তায় লিখেছেন, “মহামান্য, ইদ মোবারক! ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ইদ-উল-ফিতরের এই আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই।”
চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, গত একমাস ধরে ভারত-সহ বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান পালন করেছেন এবং রোজা ও প্রার্থনার মাধ্যমে সময় কাটিয়েছেন। তাঁর কথায়, ইদ-উল-ফিতরের এই উৎসব সহানুভূতি, ভ্রাতৃত্ব ও একতার বার্তা বহন করে এবং বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও সুস্বাস্থ্যের কামনা করে।
দুই দেশের সম্পর্ক প্রসঙ্গেও গুরুত্ব দেন নরেন্দ্র মোদি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্পর্ক আরও দৃঢ় হবে।
ভারতের প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছাবার্তায় আপ্লুত তারেক রহমান। তিনি পাল্টা ধন্যবাদও জানিয়েছেন।
এদিন নরেন্দ্র মোদি ওমানের সুলতান হাইতাম বিন তারিক এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর সঙ্গেও কথা বলেন এবং তাঁদেরও ইদের শুভেচ্ছা জানান।


