জন্মদিনে কেবল শুভেচ্ছা বিনিময় নয়, সরাসরি দেশের প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে রাজনৈতিক বার্তাই দিলেন কঙ্গনা রানাউত। ৪০-এ পা দিয়েই নরেন্দ্র মোদি-র সঙ্গে সাক্ষাৎ করে নিজের অবস্থান আরও একবার স্পষ্ট করলেন মাণ্ডির এই তারকা সাংসদ।
সোমবার পরিবার-সহ প্রধানমন্ত্রীর সঙ্গে সময় কাটান কঙ্গনা। সঙ্গে ছিল হিমাচলের সংস্কৃতির ছোঁয়া—শাল থেকে ‘বিষ্ণু দশাবতার’ আঁকা দেওয়ালচিত্র, সবই তুলে দেন মোদির হাতে। পাল্টা উষ্ণ অভ্যর্থনায় ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। সৌজন্যের এই বিনিময়ই এখন রাজনৈতিক মহলে জোর চর্চার বিষয়।
বলিউডে বিতর্ক, রাজনীতিতে বেফাঁস মন্তব্য—সবকিছুর মধ্যেই নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন কঙ্গনা। আগেও মোদির প্রশংসায় সরব হয়েছেন, কিন্তু জন্মদিনে তাঁর বাসভবনে উপস্থিতি যেন আরও গভীর রাজনৈতিক বার্তার ইঙ্গিত দিচ্ছে। এই সাক্ষাৎ নিছক সৌজন্য, নাকি ভবিষ্যতের বড় কোনও সমীকরণের পূর্বাভাস—সেই প্রশ্নই এখন ঘুরছে রাজনৈতিক অন্দরে।


