ভোটের আবহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজর এবার পড়ল ভোটকুশলী সংস্থা আই-প্যাকের উপর। আর্থিক অনিয়মের অভিযোগে সংস্থার ডিরেক্টর ঋষি রাজ সিংহকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার দিল্লির সদর দফতরে তাঁকে হাজির হতে বলা হয়েছে।
তদন্তকারী সংস্থার দাবি, নির্দিষ্ট কিছু আর্থিক লেনদেন এবং তার উৎস খতিয়ে দেখতেই এই পদক্ষেপ। সূত্রের খবর, আই-প্যাকের কার্যকলাপ ও অর্থ প্রবাহ নিয়ে বেশ কিছু তথ্য হাতে এসেছে ইডি-র, যার ভিত্তিতেই এই জিজ্ঞাসাবাদ।
ঋষি রাজ সিংহ পেশায় একজন ইঞ্জিনিয়ার, আইআইটি কানপুর থেকে পড়াশোনা শেষ করে আন্তর্জাতিক ব্যাঙ্কিং সেক্টরে কাজ করেছেন। পরে রাজনৈতিক কৌশল নির্ধারণকারী সংস্থা আই-প্যাকের সঙ্গে যুক্ত হয়ে একাধিক রাজ্যে নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। পশ্চিমবঙ্গেও শাসকদলের নির্বাচনী প্রচারে এই সংস্থার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এর আগেই সংস্থার সহ-প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেলকে হেফাজতে নিয়েছে ইডি, যা নিয়ে রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। শাসকদলের অভিযোগ, নির্বাচনের আগে বিরোধীদের কোণঠাসা করতে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে।
অন্যদিকে আই-প্যাক জানিয়েছে, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবে। তবে হঠাৎ করেই সংস্থার কর্মীদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত ঘিরে জল্পনা আরও বেড়েছে।
পুরো ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে, আর ভোটের আগে এই ইস্যু যে আরও বড় আকার নেবে, তা বলাই যায়।


