ভোটের স্বচ্ছতা বজায় রাখতে এবং ভুয়ো ভোটার রুখতে এবার নতুন ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। ভোট দিতে গেলে এবার বুথে ঢোকার আগে ‘টু-স্টেপ ভেরিফিকেশন’-এর মধ্যে দিয়ে যেতে হবে ভোটারদের। অর্থাৎ বুথে প্রবেশের আগে দু’ধাপে যাচাই করা হবে ভোটারের পরিচয়পত্র। সবকিছু ঠিক থাকলেই কেবল ভোট দেওয়ার অনুমতি মিলবে। কমিশনের মতে, বুথ জ্যাম এবং ভুয়ো ভোট আটকাতেই এই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।
কমিশন জানিয়েছে, ভোট দিতে যাওয়ার সময় নির্ধারিত পরিচয়পত্রগুলির মধ্যে একটি অরিজিনাল কপি সঙ্গে রাখতে হবে ভোটারদের। বুথের প্রবেশ পথে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রথমে সেই পরিচয়পত্র পরীক্ষা করবেন। এরপর বুথস্তরের আধিকারিক বা বিএলওরা আবারও যাচাই করবেন পরিচয়পত্রটি সঠিক কি না। এই দুই ধাপ পেরোলে তবেই সংশ্লিষ্ট ভোটার বুথে গিয়ে ভোট দিতে পারবেন। পুরো প্রক্রিয়াটি ঠিকভাবে হচ্ছে কি না, তা নজরে রাখবেন সেক্টর অফিসাররা।
এছাড়াও ভোটকেন্দ্রের চারপাশে কড়া নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পোলিং বুথের চারপাশে সাদা চক দিয়ে ১০০ মিটার বৃত্ত এঁকে নির্দিষ্ট সীমা চিহ্নিত করা হবে, যাকে ‘লক্ষ্মণরেখা’ বলা হচ্ছে। এই সীমার মধ্যে ভোটার ছাড়া অন্য কারও প্রবেশের অনুমতি থাকবে না। পাশাপাশি ওই ১০০ মিটারের মধ্যে কোনও জমায়েত বা প্রচারও করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কমিশন।


