যুবভারতীতে লিওনেল মেসিকে ঘিরে হওয়া বিশৃঙ্খলার স্মৃতি এখনও টাটকা। সেই ঘটনায় একসময় দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছিল কলকাতা। আর এবার সেই পুরনো বিতর্কেই নতুন করে জ্বালানি যোগ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত।
সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন, অনুষ্ঠানটি যদি যুবভারতীর বদলে ইডেন গার্ডেন্সে আয়োজন করা হত, তাহলে এত বিশৃঙ্খলা তৈরি হত না। তাঁর দাবি, বড় আন্তর্জাতিক ইভেন্ট সামলানোর অভিজ্ঞতা ইডেনের অনেক বেশি। ফলে পরিস্থিতিও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হত।
কিন্তু সেই মন্তব্যের পরই পালটা বিস্ফোরক দাবি করেন শতদ্রু দত্ত। তিনি জানান, প্রথম থেকেই তাঁর ইচ্ছা ছিল ইডেন গার্ডেন্সেই অনুষ্ঠান করার। সেই নিয়ে কথাবার্তাও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সিএবির অনুমতি না মেলায় বাধ্য হয়েই যুবভারতীতে অনুষ্ঠান সরিয়ে নিয়ে যেতে হয়।
এই মন্তব্য সামনে আসতেই নতুন করে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি আগে থেকেই ভেন্যু নিয়ে টানাপোড়েন ছিল? যদি ইডেনে অনুষ্ঠান করার পরিকল্পনা থাকে, তবে তা আটকাল কে? যদিও এই বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেয়নি সিএবি।
মেসির কলকাতা সফর ঘিরে সেই সময় উন্মাদনা ছিল তুঙ্গে। কিন্তু মাঠে অনিয়ন্ত্রিত ভিড়, নিরাপত্তা ভাঙন এবং ভিআইপি বিশৃঙ্খলায় কার্যত মুখ পুড়েছিল আয়োজকদের। আন্তর্জাতিক মহলেও সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছিল। এবার সৌরভ-শতদ্রুর মন্তব্য-পালটা মন্তব্যে ফের নতুন করে চর্চায় উঠে এল সেই মেসি-কাণ্ড।


