রাজ্যের নতুন বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট আজ বিধানসভায় পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সোমবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ তিনি রাসবিহারীর বাসভবন থেকে বিধানসভার উদ্দেশে রওনা দেন। বাজেটে কী কী ঘোষণা হতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় কোনও ঘোষণা আসে কি না, সেদিকেই নজর রাজ্য সরকারি কর্মীদের।
বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ২২ শতাংশ হারে ডিএ পাচ্ছেন, যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৫৮ শতাংশ। ফলে কেন্দ্র ও রাজ্যের ডিএ-র ব্যবধান দাঁড়িয়েছে ৩৬ শতাংশ। পাশাপাশি দীর্ঘদিনের বকেয়া ডিএ নিয়েও অসন্তোষ রয়েছে কর্মীদের একাংশের মধ্যে। তাই এবারের বাজেটে সেই সমস্যার সমাধানে কোনও পদক্ষেপ করা হয় কি না, তা নিয়ে বাড়ছে প্রত্যাশা।
সংগ্রামী যৌথমঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, রাজ্যের কর্মীরা আশা করছেন প্রতিশ্রুতি অনুযায়ী বকেয়া ডিএ-র বড় অংশ দ্রুত মিটিয়ে দেওয়া হবে। তাঁর দাবি, ভবিষ্যতে এআইসিপিআই সূচক অনুযায়ী মহার্ঘ ভাতা কার্যকর করতে হলে বর্তমান বকেয়া ৪২ শতাংশ ডিএ দ্রুত পরিশোধ করা জরুরি।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতৃত্ব প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে। গত ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যে সরকার পরিবর্তন হয় এবং ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। এরপর মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন কার্যকরের অনুমোদনও দেওয়া হয়েছে। এবার বাজেটে ডিএ ও বেতন কাঠামো নিয়ে কী ঘোষণা আসে, সেদিকেই তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ সরকারি কর্মী।


