অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া স্বাস্থ্য পরিষেবা ‘সেবাশ্রয়’-কে ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হল। পড়ুয়া চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানো, বেআইনিভাবে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ, ওষুধের ভুল ব্যবহার-সহ একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে এবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে আরও একটি এফআইআর দায়ের হয়েছে। একই সঙ্গে অভিযোগগুলির তদন্তে সক্রিয় হয়েছে রাজ্যের স্বাস্থ্যদপ্তর।
স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, সেবাশ্রয় সংক্রান্ত অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যে সমস্ত তথ্য ও নথি উঠে আসবে, তা পুলিশের পাশাপাশি স্বরাষ্ট্র দফতরের হাতেও তুলে দেওয়া হবে। বিষয়টি নিয়ে কড়া বার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
মন্ত্রী বলেন, “তদন্তে যা যা তথ্য উঠে আসবে, সবই পুলিশের ও স্বরাষ্ট্র দফতরের হাতে তুলে দেওয়া হবে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগকারীদের দাবি, সেবাশ্রয় শিবিরগুলিতে পর্যাপ্ত অনুমোদন ছাড়াই চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে। কোথাও পড়ুয়া চিকিৎসকদের দিয়ে রোগী দেখা হয়েছে, কোথাও আবার ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মতো গুরুতর বেআইনি কাজের অভিযোগ উঠেছে। এছাড়া প্রেসক্রিপশন ও ওষুধ ব্যবহারে একাধিক অনিয়মের অভিযোগও সামনে এসেছে।
এই অভিযোগগুলির জেরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তুমুল চাপানউতোর। বিরোধীদের দাবি, গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং অভিযোগ প্রমাণিত হলে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাঁর শিবিরের তরফে এই নতুন এফআইআর নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।
তদন্ত এখন কোন দিকে এগোয় এবং অভিযোগের সত্যতা কতটা প্রমাণিত হয়, সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।


