কাপুর পরিবারে এখন উৎসবের আমেজ। রবিবার, ৬ জুলাই চিত্রনাট্যকার রোহন ঠাক্করের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বনি কাপুরের বড় মেয়ে অংশুলা কাপুর। তার আগে মেহেন্দি অনুষ্ঠানে বসেছিল তারকাদের জমজমাট আসর। সেই অনুষ্ঠানের একাধিক ছবি ও আবেগঘন মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন হবু কনে।
মেহেন্দি অনুষ্ঠানে অংশুলার জন্য বিশেষ আয়োজন করেছিলেন তাঁর বোন জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। দুই বোনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অংশুলা লেখেন, “আজ আমার হৃদয় পরিপূর্ণ। তোমরা এমন একটি মেহেন্দি অনুষ্ঠান উপহার দিয়েছ যা আমার কল্পনারও বাইরে। প্রতিটি ছোট্ট আয়োজন, প্রতিটি সাজসজ্জা আর প্রতিটি মুহূর্তে ছিল তোমাদের ভালোবাসা ও যত্নের ছোঁয়া। সবচেয়ে বড় উপহার, আমি নিশ্চিন্তে প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পেরেছি, কারণ সব দায়িত্ব তোমরাই সামলেছ। জীবনের অন্যতম সুন্দর দিনটি উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের দু’জনকে আমি খুব ভালোবাসি।”
অনুষ্ঠানে হাজির ছিলেন কাপুর পরিবারের একাধিক সদস্য। সোনম কাপুর, রিয়া কাপুর, হর্ষবর্ধন কাপুর, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, মোহিত মারওয়া, অক্ষয় মারওয়া, শনায়া কাপুর, জাহান কাপুর-সহ অনিল কাপুর ও সঞ্জয় কাপুরের পরিবারও উপস্থিত ছিলেন। পরিবারের ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা বরুণ ধাওয়ানও অনুষ্ঠানে যোগ দেন।
নিজের বিশেষ দিনের জন্য অংশুলা বেছে নিয়েছিলেন ডিজাইনার অর্পিতা মেহতার নকশা করা নীল রঙের লেহেঙ্গা। গুজরাটের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্প থেকে অনুপ্রাণিত আধুনিক ডিজাইনের এই পোশাকে নজর কেড়েছেন তিনি। ব্রাইডাল লুকে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন তাঁকে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণে পরিণত করে।
বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল আরও আগেই। প্রাক-বিবাহের প্রথম অনুষ্ঠান হিসেবে কাপুর পরিবার আয়োজন করেছিল ‘মাতা কি চৌকি’। সেই অনুষ্ঠানের ছবিও সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন অংশুলা। পরিবারের সদস্যদের উপস্থিতিতে ভগবানের আরাধনার মধ্য দিয়েই শুভকাজের সূচনা হয়েছিল।
উল্লেখ্য, ২০২৫ সালের জুলাইয়ে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে রোহন ঠাক্করের সঙ্গে বাগদান সারেন অংশুলা। হাঁটু গেড়ে বসে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রোহন। সেই রোম্যান্টিক মুহূর্তের ছবি তখন ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। এক বছর পর সেই সম্পর্কই এবার পরিণতি পেতে চলেছে বিবাহবন্ধনে।


