ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্রে বিজেপি প্রার্থী সজল ঘোষের কাছে পরাজয়ের পর থেকেই রাজনৈতিক মঞ্চে কার্যত নীরব সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। একসময় তৃণমূল কংগ্রেসের অন্যতম পরিচিত মুখ হিসেবে সক্রিয় থাকলেও, ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজনীতির বদলে নিজেকে গড়ে তোলার দিকেই মন দিয়েছেন অভিনেত্রী। নিয়মিত জিম, শরীরচর্চা, ডায়েট এবং সোশ্যাল মিডিয়ায় ফিটনেস আপডেট— এই ছিল গত কয়েক মাসের সায়ন্তিকা।
তবে টলিপাড়ায় অনেকদিন ধরেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল— রাজনীতি থেকে দূরে সরে যাওয়া সায়ন্তিকা কি আবার ফিরবেন লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায়? সেই জল্পনাই এবার নতুন মোড় নিয়েছে।
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, কোনও সিনেমা, ওয়েব সিরিজ বা ধারাবাহিক নয়, বরং জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস বাংলা’-র মাধ্যমেই নাকি প্রত্যাবর্তনের পরিকল্পনা করছেন অভিনেত্রী। যদিও এই বিষয়ে চ্যানেল বা সায়ন্তিকা— কারও তরফেই এখনও পর্যন্ত কোনও সরকারি ঘোষণা করা হয়নি। ফলে বিষয়টি আপাতত জল্পনার পর্যায়েই রয়েছে।
জল্পনায় নতুন ইন্ধন জুগিয়েছে সায়ন্তিকার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট। শুক্রবার মেকআপ রুম থেকে নিজের টিমের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “খুব মিস করেছি এগুলো।” এরপর আরও একটি পোস্টে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-কে ট্যাগ করেন। এই দুই পোস্টের পর থেকেই বিনোদন মহলে শুরু হয়েছে জোর আলোচনা— কোনও নতুন প্রজেক্টের প্রস্তুতি নিচ্ছেন কি অভিনেত্রী?
এদিকে খুব শিগগিরই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু হতে চলেছে ‘বিগ বস বাংলা’। প্রতিযোগীদের তালিকা নিয়ে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। এর আগে যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের নামও শোনা গেলেও, সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন তাঁরা। এখন সেই তালিকায় নতুন সংযোজন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নাম।
যদিও সবটাই এখনও টলিউডের অন্দরমহলের গুঞ্জন। সায়ন্তিকা সত্যিই ‘বিগ বস বাংলা’-র ঘরে প্রবেশ করবেন, নাকি অন্য কোনও প্রজেক্টে ফিরবেন— তার উত্তর মিলবে আনুষ্ঠানিক ঘোষণার পরই।


