রাহুল গান্ধীর বিদেশ সফরের তদন্তে SIT গঠনের দাবি নিশিকান্ত দুবের, সরানোর হুঁশিয়ারিও বিজেপি সাংসদের

Spread the love

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের দাবি তুললেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। একই সঙ্গে রাহুল গান্ধীকে বিরোধী দলনেতার পদ থেকে সরানোর উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

সোমবার সংসদের মকর দ্বারে বিরোধী সাংসদরা নীট প্রশ্নফাঁস-সহ বিভিন্ন পরীক্ষায় অনিয়ম এবং যন্তর মন্তরে পড়ুয়াদের উপর পুলিশের পদক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ দেখান। সেই প্রেক্ষিতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিশানা করেন নিশিকান্ত দুবে।

দুবে দাবি করেন, ২০০৪ সাল থেকে ২০২৬ পর্যন্ত রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে কোনও স্বচ্ছতা নেই। তিনি কোথায় গিয়েছেন, কার সঙ্গে বৈঠক করেছেন, কী ধরনের আলোচনা হয়েছে এবং বিদেশি অর্থায়ন নিয়ে কী কথা হয়েছে—এসব বিষয় তদন্ত হওয়া উচিত বলেই মত তাঁর। পাশাপাশি তিনি জর্জ সোরোস-ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতি এবং ২০০৮ সালে কংগ্রেস ও চীনের মধ্যে হওয়া চুক্তির প্রসঙ্গও তোলেন।

বিজেপি সাংসদের দাবি, বিরোধী দলনেতা হিসেবে বিদেশ সফরে গেলে দেশের নীতির পক্ষে কথা বলা উচিত। কিন্তু রাহুল গান্ধী বিদেশে গিয়ে বারবার ভারত, কেন্দ্রীয় সরকার এবং সংবিধানের সমালোচনা করেছেন বলে অভিযোগ করেন তিনি।

এছাড়াও নিশিকান্ত দুবে জানান, রাহুল গান্ধীকে বিরোধী দলনেতার পদ থেকে সরানোর প্রস্তাব আনার চেষ্টা করবেন এবং তাঁর বিদেশ সফরের পূর্ণাঙ্গ তদন্তে কেন্দ্রের কাছে SIT গঠনের আবেদন জানাবেন।

আরও একধাপ এগিয়ে তিনি অভিযোগ করেন, কংগ্রেস এবং রাহুল গান্ধী দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড আড়াল করতেই প্রতিবাদ করছে। এমনকি রাহুল গান্ধী বিদেশি শক্তির প্রভাবাধীন বলেও দাবি করেন বিজেপি সাংসদ। তবে এই অভিযোগগুলির পক্ষে তিনি কোনও প্রমাণ প্রকাশ করেননি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশিকান্ত দুবের অভিযোগের বিষয়ে কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *