শিক্ষাব্যবস্থা, জেন জি-র আন্দোলন এবং এলজিবিটিকিউ সম্প্রদায়— এক মঞ্চ থেকেই একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বৃহস্পতিবার মুম্বইয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, জেন জি-র আন্দোলনকে ‘দেশবিরোধী’ বলে দাগিয়ে দেওয়া উচিত নয়। বরং তাঁদের উদ্বেগ ও ক্ষোভের কারণ বুঝে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে। Mohan Bhagwat-এর বক্তব্য, গণতন্ত্রে প্রতিবাদ একটি স্বাভাবিক ও বৈধ প্রক্রিয়া।
ভাগবতের কথায়, এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন, যেখানে কোনও পড়ুয়াকে বঞ্চিত হতে না হয়। দেশের ভবিষ্যৎ এবং সমাজের অগ্রগতির জন্য মানসম্মত শিক্ষা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি। জেন জি-র ক্ষোভকে ‘যৌক্তিক’ আখ্যা দিয়ে তাঁর বার্তা, তরুণ প্রজন্মের সঙ্গে সংঘাত নয়, সংলাপই হওয়া উচিত।
একই অনুষ্ঠানে এলজিবিটিকিউ সম্প্রদায় নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন সংঘ প্রধান। তিনি বলেন, এলজিবিটিকিউ ব্যক্তিরা সমাজেরই অংশ এবং তাঁদের মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার রয়েছে। পাশাপাশি, সমলিঙ্গের দুই প্রাপ্তবয়স্ক মানুষের একসঙ্গে থাকার জন্য আইনি স্বীকৃতির কথা বললেও, তাকে ‘বিয়ে’ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তিনি আপত্তির কথা জানান।
রাজনৈতিক মহলের একাংশের মতে, তরুণ ভোটারদের উদ্দেশে এই বার্তা ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণেও তাৎপর্যপূর্ণ হতে পারে। বিশেষ করে শিক্ষা, কর্মসংস্থান এবং যুবসমাজের ক্ষোভকে ঘিরে দেশজুড়ে যে আলোচনা চলছে, তার মধ্যেই মোহন ভাগবতের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে।


