মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার অমিত শাহের সঙ্গে মুখোমুখি বৈঠক করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। বুধবার রাতে শাহের সঙ্গে এই বৈঠকে সৌজন্যের পাশাপাশি রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দাবিও তুলে ধরেছেন তিনি বলে সূত্রের খবর।
কেন্দ্রের প্রাপ্য অর্থ সময়মতো ছাড়ার পাশাপাশি কেন্দ্রীয় করের ভাগ বাড়ানোর দাবিতে জোর দিয়েছেন বিজয়। সদ্য তামিলনাড়ু বিধানসভায় পাশ হওয়া এই সংক্রান্ত প্রস্তাবের কথাও শাহকে জানানো হয়েছে বলে খবর।
দক্ষিণাঞ্চলীয় পরিষদের বৈঠকেও একাধিক বড় ইস্যু নিয়ে সরব হওয়ার সম্ভাবনা বিজয়ের। বিশেষ করে গোদাবরী-কাবেরী নদী সংযোগ প্রকল্প দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার দাবি এবং সেটিকে ‘জাতীয় গুরুত্বের’ প্রকল্প হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সামনে আনতে পারেন তিনি।
এর পাশাপাশি কর্ণাটকের মেকেদাতু বাঁধ প্রকল্প নিয়েও তামিলনাড়ুর অবস্থান স্পষ্ট করবেন বিজয়। আন্তঃরাজ্য নদীর জলবণ্টন নিয়ে কর্ণাটক, কেরল, তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের সঙ্গেও একাধিক জটিলতা রয়েছে।
অমিত শাহের সভাপতিত্বে কোভালামে বসছে ৩১তম দক্ষিণাঞ্চলীয় পরিষদের বৈঠক। জলবণ্টন থেকে কেন্দ্রীয় করের ভাগ—দক্ষিণ ভারতের একাধিক রাজ্যের গুরুত্বপূর্ণ দাবি নিয়ে এই বৈঠক ঘিরে বাড়ছে রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব।


