অযোধ্যা থেকে নেপাল, চালু হল আন্তর্জাতিক ট্রেন! মোদি-বালেন্দ্র শাহের হাত ধরে নতুন রেল সংযোগ দুই দেশের

Spread the love

ভারত ও নেপালের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় বড় পদক্ষেপ। অযোধ্যা থেকে নেপালের জনকপুরধাম পর্যন্ত চালু হল নতুন যাত্রীবাহী ট্রেন পরিষেবা। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ যৌথভাবে পতাকা নেড়ে উদ্বোধন করলেন অযোধ্যা-জনকপুরধাম সরযূ কমলা এক্সপ্রেসের। এই পরিষেবার হাত ধরে দুই দেশের মধ্যে রেল যোগাযোগ আরও মজবুত হতে চলেছে। বিশেষ করে ধর্মীয় পর্যটন এবং সাধারণ যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে নতুন সুবিধা তৈরি হবে।

প্রায় ৬০৪ কিলোমিটার পথ পাড়ি দেবে এই ট্রেন। অযোধ্যা থেকে যাত্রা শুরু করে মানকাপুর, বস্তি, গোরক্ষপুর, নরকাটিয়াগঞ্জ, রক্সৌল, সীতামঢ়ী, শিশো হল্ট, মধুবনী এবং জয়নগর কাস্টমস ইয়ার্ড হয়ে জনকপুরধামে পৌঁছবে ট্রেনটি। গোটা যাত্রাপথে থাকছে মোট ১০টি স্টেশন। ট্রেন নম্বর ০৪২৯৫ অযোধ্যাধাম-জনকপুরধাম এক্সপ্রেস দুপুর ১২টা ৩০ মিনিটে অযোধ্যা থেকে ছেড়ে পরদিন সকাল ১০টায় জনকপুরে পৌঁছবে।

অন্যদিকে, ফিরতি পথে ০৪২৯৬ নম্বরের জনকপুরধাম-অযোধ্যাধাম এক্সপ্রেস দুপুর ১টায় জনকপুর থেকে ছাড়বে। পরদিন সকাল ৮টা ১০ মিনিটে অযোধ্যায় পৌঁছবে ট্রেনটি। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে মোট ১৭টি কামরা রাখা হয়েছে। এর মধ্যে সাতটি স্লিপার থ্রি-টিয়ার, তিনটি এসি থ্রি-টিয়ার, তিনটি এসি থ্রি-টিয়ার ইকোনমি এবং দুটি এসি টু-টিয়ার কামরা রয়েছে। পাশাপাশি থাকছে একটি লাগেজ কোচ ও একটি লাগেজ কাম গার্ড কোচ।

অযোধ্যা ও জনকপুর—দুই শহরের সঙ্গেই জড়িয়ে রয়েছে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য। ফলে এই নতুন রেল পরিষেবা শুধু যাতায়াতের সুবিধাই বাড়াবে না, দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ এবং পর্যটনেও নতুন সম্ভাবনা তৈরি করবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *