যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অশান্তি নিয়ে এবার কড়া হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে গিয়ে বিজেপি নেতা বলেন, যাদবপুরে দেশবিরোধী স্লোগান উঠলে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ হবে। তাঁর অভিযোগ, এতদিন তৃণমূলই দেশবিরোধীদের প্রশ্রয় দিয়ে এসেছে।
গত বুধবার জিবি মিটিংকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও বামপন্থী ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘর্ষের অভিযোগ ওঠে। এরপর বৃহস্পতিবার এসএফআই ও এবিভিপির পৃথক কর্মসূচি ও মিছিলকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর।
দিলীপ ঘোষ বলেন, “আগেও এবিভিপি সার্জিক্যাল স্ট্রাইক করেছে। দেশবিরোধী স্লোগান উঠলে আবার যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক হবে।” পাশাপাশি তাঁর রহস্যময় বার্তা, “৬ মাস অপেক্ষা করুন, অনেক কিছু হবে।”
এর আগেই যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ও দেশবিরোধী স্লোগান ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বরদাস্ত না করার হুঁশিয়ারি দিয়েছিলেন। যাদবপুরের সাম্প্রতিক পরিস্থিতি ঘিরে রাজনৈতিক তরজা যে আরও তীব্র হতে চলেছে, দিলীপের মন্তব্যে সেই জল্পনাই বাড়ল।


