শিল্প থেকে প্রতিরক্ষা, ‘নতুন বাংলা’র ছবি রাজনাথের মুখে, প্রশংসিত শুভেন্দু

Spread the love

বাংলাকে ঘিরে বদলের ছবি তুলে ধরলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর দাবি, যে রাজ্যকে একসময় শিল্প বন্ধের খবরের সঙ্গে জুড়ে দেখা হত, সেই বাংলাতেই এখন সামনে আসছে নতুন বিনিয়োগের খবর। কলকাতায় গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বেরও প্রশংসা করেন তিনি।

রবিবার গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে যুদ্ধজাহাজ নির্মাণের পরিকাঠামো সম্প্রসারণে পাঁচটি নতুন প্রকল্পের সূচনা হয়। প্রায় ৩৪০০ কোটি টাকা বিনিয়োগে তৈরি হতে চলা এই প্রকল্পগুলির ভূমিপুজোয় উপস্থিত ছিলেন রাজনাথ সিং এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতিরক্ষা উৎপাদন ও জাহাজ নির্মাণ শিল্পে এই উদ্যোগকে বড় পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে নিজের মত জানান রাজনাথ। তাঁর বক্তব্য, বাংলার পরিবেশে এখন পরিবর্তনের ছাপ স্পষ্ট। আর সেই পরিবর্তনকে শুধুমাত্র রাজনৈতিক পালাবদল হিসেবে দেখতে নারাজ তিনি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার আসার পর উন্নয়নকেই সেই পরিবর্তনের মূল চালিকাশক্তি হিসেবে তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী।

রাজনাথের কথায়, “বাংলার বাতাসে এখন এক নতুন গন্ধ। এটি শুধু পরিবর্তন নয়। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এখানে সরকার গঠনের পর এই পরিবর্তন আসলে উন্নয়নের পথ।” এরপরই শিল্প নিয়ে তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, “বাংলায় এতদিন শিল্প বন্ধ হওয়ার কথা শোনা যেত। এখন বাংলায় শুধুই বিনিয়োগের খবর।”

স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনীতির ক্ষেত্রেও পরিবর্তন ঘটছে বলে দাবি করেন রাজনাথ। তাঁর বক্তব্য, উন্নয়নের লক্ষ্য নিয়ে এগোচ্ছে রাজ্য সরকার। সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করলে উন্নয়নের গতি থামানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

সীমান্ত নিরাপত্তার প্রসঙ্গেও রাজ্যের ভূমিকার কথা তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর দাবি, পালাবদলের পর সীমান্ত সুরক্ষার কাজে রাজ্য সরকার ১১০০ একর জমি দিয়েছে। প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত পরিকাঠামো তৈরিতে এই ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

গার্ডেনরিচের পাঁচ প্রকল্প নিয়েও আশাবাদী রাজনাথ। তাঁর মতে, শুধু যুদ্ধজাহাজ নির্মাণের ক্ষেত্রেই নয়, এই বিনিয়োগের প্রভাব ছড়িয়ে পড়বে অন্যান্য শিল্পেও। তৈরি হতে পারে একাধিক অনুসারী শিল্প, বাড়তে পারে কর্মসংস্থানের সুযোগও।

বাংলার ঐতিহাসিক ভূমিকার প্রসঙ্গ টেনে রাজনাথ বলেন, বন্দে মাতরম থেকে নবজাগরণ—দেশের ইতিহাসে বাংলার অবদান অনস্বীকার্য। এবার প্রতিরক্ষা উৎপাদন ও শিল্পের ক্ষেত্রেও বাংলা নতুন করে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে ‘শিল্প নবজাগরণ’-এর প্রসঙ্গও।

গার্ডেনরিচের ৩৪০০ কোটি টাকার এই পাঁচ প্রকল্প তাই শুধু একটি সংস্থার সম্প্রসারণ নয়, রাজ্যের শিল্প ও প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থাকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পদক্ষেপ হিসেবেই তুলে ধরলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *