FIR-এর অনলাইন কপি কোথায়? পুলিশের কাছে পালটা প্রশ্ন অভিষেকের

Spread the love

ক্যামাক স্ট্রিটে তৃণমূলের পার্টি অফিসের বিলবোর্ড খোলা নিয়ে পুলিশের নোটিস পাওয়ার পর এবার কলকাতা পুলিশকেই পালটা প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। FIR এবং তাঁকে দেওয়া নোটিসের অনলাইন কপি পুলিশের ওয়েবসাইটে কেন নেই, তা জানতে রবিবার রাতে পুলিশকে ইমেল করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

মঙ্গলবার শেক্সপিয়র সরণি থানায় অভিষেককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তিনি আদৌ থানায় যাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তার আগেই তাঁর আইনজীবী অর্ক নাগের মাধ্যমে পুলিশের কাছে পাঠানো হয়েছে ওই ইমেল।

অভিষেকের আইনজীবীর দাবি, ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসের বিলবোর্ড সংক্রান্ত মামলায় পুলিশ নোটিস পাঠালেও FIR কিংবা নোটিসের কোনও কপি কলকাতা পুলিশের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না। তাঁর বক্তব্য, একই ধরনের ঘটনা বারবার ঘটছে। তাই ওয়েবসাইটে নথি আপলোড না করার বিষয়টি পুলিশের নজরে আনা হয়েছে।

বিতর্কের শুরু ২৭ আগস্ট। সেদিন ক্যামাক স্ট্রিটের দলীয় কার্যালয়ে পুরকর্মী ও পুলিশ আধিকারিকরা গ্যাসকাটার নিয়ে পৌঁছন। বিলবোর্ডটি বেআইনি বলে দাবি করে সেটি খুলে ফেলার উদ্যোগ নেওয়া হয়। খবর পেয়ে সেখানে পৌঁছে অভিষেক বিলবোর্ড খোলার নির্দেশের লিখিত কপি দেখতে চান। তাঁর দাবি, সেই নির্দেশ দেখাতে পারেননি পুরকর্মীরা।

এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুরসভার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। তাঁর বক্তব্য ছিল, কোনও রাজনৈতিক দলের নিজের অফিসের বাইরে কী বোর্ড থাকবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার পুরসভার রয়েছে কি না। পাশাপাশি, ক্যামাক স্ট্রিটে পুর আধিকারিকদের অভিযান নিয়েও আপত্তি জানান তিনি।

এদিকে একই মামলায় সোমবার ডেরেক ও’ব্রায়েনকেও শেক্সপিয়র সরণি থানায় ডাকা হয়েছিল। তবে হাজিরা না দিয়ে সাত দিনের সময় চেয়েছেন তৃণমূলের এই প্রবীণ সাংসদ। ফলে মঙ্গলবার অভিষেকের পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *