শুক্রবার রাত থেকেই টলিপাড়ায় জোর চর্চা—বিয়ে করতে চলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী! দীর্ঘদিন ধরেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে কবে জীবনের নতুন অধ্যায় শুরু করবেন অভিনেত্রী, সেই প্রশ্নই ঘুরেফিরে এসেছে বারবার। এবার সেই জল্পনাতেই যেন নতুন মাত্রা যোগ করল বিয়ের খবর।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, আগামী ডিসেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি। শীতের আবহে পাহাড়েই বসতে পারে বিয়ের আসর। সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে আসছে কালিম্পংয়ের নাম। যদিও অভিনেত্রী বা তাঁর পরিবারের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
তবে বিয়ের খবরের থেকেও বেশি কৌতূহল তৈরি হয়েছে মিমির জীবনসঙ্গীকে ঘিরে। কে সেই মানুষ, যাঁকে এতদিন নিজের ব্যক্তিগত জীবনের আড়ালে রেখেছেন অভিনেত্রী? সূত্রের খবর, মিমির হবু স্বামী ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নন। তিনি ভারতীয় নৌসেনায় কর্মরত। তাঁর নাম সিদ্ধার্থ।
ইতিমধ্যেই তাঁদের একসঙ্গে বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে বলে খবর। বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটানোর মুহূর্তে সিদ্ধার্থের পাশে হাসিমুখে দেখা গিয়েছে মিমিকে। সূত্রের দাবি, ছবিগুলি পুজোর সময়ের। সেই সময়ই নাকি তাঁদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়।
মিমি অবশ্য এখনও পর্যন্ত বিয়ে কিংবা সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। সম্প্রতি সমাজমাধ্যমে এক অনুরাগীর প্রশ্নের উত্তরে তাঁর একটি মন্তব্যকে ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছিল। এবার বিয়ের খবর সামনে আসায় সেই পুরনো জল্পনাই যেন আরও জোরালো হয়েছে।
শুধু সম্পর্ক নয়, সূত্রের দাবি অনুযায়ী বিয়ের প্রস্তুতিও নাকি শুরু হয়ে গিয়েছে। শপিং থেকে শুরু করে নিমন্ত্রণপত্রের কাজ—সবই নাকি চলছে ব্যস্ততার সঙ্গে। হাতে সময়ও খুব বেশি নেই। ফলে ডিসেম্বরের বিয়ের খবর সত্যি হলে আগামী কয়েক সপ্তাহেই মিমির জীবনের এই নতুন অধ্যায়ের ছবি আরও স্পষ্ট হতে পারে।
জলপাইগুড়ির মেয়ে মিমি চক্রবর্তী মডেলিং দিয়ে বিনোদন জগতে পথচলা শুরু করেছিলেন। ২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকের ‘পুপে’ চরিত্র তাঁকে দর্শকের ঘরে পৌঁছে দেয়। এরপর ‘বাপি বাড়ি যা’ দিয়ে বড়পর্দায় অভিষেক। ‘বোঝে না সে বোঝে না’-সহ একাধিক ছবিতে নিজের অভিনয়ের আলাদা পরিচয় তৈরি করেন তিনি।
অভিনয়ের পাশাপাশি ২০১৯ সালে রাজনীতিতেও পা রাখেন মিমি। যাদবপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন তিনি। বর্তমানে অবশ্য অভিনয়ের কাজ নিয়েই ব্যস্ত অভিনেত্রী। পুজোয় মুক্তির অপেক্ষায় সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। পাশাপাশি নতুন ছবির কাজও শুরু করার কথা রয়েছে তাঁর।
কাজের ব্যস্ততার মাঝেই যদি সত্যিই ডিসেম্বর মাসে মিমির জীবনে বিয়ের সানাই বাজে, তাহলে টলিপাড়ার অন্যতম চর্চিত সেলেব ওয়েডিং হতে চলেছে সেটিই।


