চার বছরের রাহা, মেয়ের জন্মদিনের অদেখা মুহূর্ত প্রকাশ্যে আনলেন আলিয়া

Spread the love

মেয়ের চতুর্থ জন্মদিনে কোনও জাঁকজমক নয়, বরং পরিবারের সঙ্গে একান্তে সময় কাটানোতেই আনন্দ খুঁজে নিলেন আলিয়া ভট্ট ও রণবীর কাপুর। ৬ নভেম্বর চার বছরে পা দিয়েছে তাঁদের মেয়ে রাহা। পরের দিন, ৭ নভেম্বর সমাজমাধ্যমে মেয়ের জন্মদিনের বেশ কিছু ছবি ভাগ করে নিলেন আলিয়া। আর সেই ছবিতেই উঠে এল কাপুর পরিবারের ছোট্ট সদস্যের জন্মদিনের নানা মুহূর্ত। কোথাও কেক কাটছে রাহা, কোথাও মায়ের সঙ্গে রং পেন্সিলে ছবি আঁকায় ব্যস্ত, আবার কোথাও বাগানের ঘাসে খালি পায়ে ছুটে বেড়াচ্ছে সে। তবে মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি আলিয়া ও রণবীর।

জন্মদিনের আয়োজনেও ছিল ছোটদের পছন্দের ছোঁয়া। সাজসজ্জার কেন্দ্রে রাখা হয়েছিল বেলুন ও রঙিন পতাকায় সাজানো একটি নীল ক্যাম্পার ভ্যান। তার উপরে লেখা ছিল ‘রাহার চতুর্থ জন্মদিন’। কেকের ক্ষেত্রেও ছিল বিশেষ চমক। ছোটদের জনপ্রিয় অনুষ্ঠান ‘ব্লুই’-এর আদলে তৈরি কেক কাটে রাহা। সেই সময় মেয়ের দু’হাত ধরে পাশে ছিলেন আলিয়া ও রণবীর। আর একটি কেকে সাদা আইসিংয়ের উপর আঁকা ছিল তিনজনের হাত ধরাধরির ছবি। উপরে লাল হৃদয়ের চিহ্ন। তিন সদস্যের পরিবারের এই বিশেষ মুহূর্ত যেন জায়গা করে নিয়েছে জন্মদিনের আয়োজনেও।

ছবির সঙ্গে মেয়েকে নিয়ে আবেগঘন বার্তাও দিয়েছেন আলিয়া। লিখেছেন, তাঁদের ছোট্ট পরী চার বছরের হয়ে গেল। মেয়েকে নিয়ে তাঁর ভালোবাসা ও আনন্দ যে কতটা, সেই কথাই ফুটে উঠেছে অভিনেত্রীর পোস্টে। জন্মদিনে আলিয়ার পরনে ছিল ফুলের নকশা করা পোশাক। একটি ছবিতে রাহাকে দেখা গিয়েছে কাঠের টেবিলে বসে হলুদ রং দিয়ে রংধনু আঁকতে। অন্য ছবিতে মেয়েকে বুকে জড়িয়ে গালে চুমু খাচ্ছেন মা। শেষ ছবিতে বাগানের মধ্যে দু’হাত ছড়িয়ে খালি পায়ে হাঁটছে রাহা। ছবিগুলিতে মুখ দেখা না গেলেও ছোট্ট মেয়ের আনন্দ যে ক্যামেরাবন্দি হয়েছে, তা স্পষ্ট।

২০২২ সালের ১৪ এপ্রিল মুম্বইয়ের বাড়ি বাস্তুতে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেছিলেন আলিয়া ও রণবীর। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়েই তাঁদের প্রেমের শুরু। ওই বছরের নভেম্বরেই তাঁদের জীবনে আসে রাহা। তারপর থেকে মেয়েকে নিয়ে খুব বেশি ছবি প্রকাশ্যে আনেননি দু’জনেই। মেয়ের ব্যক্তিগত পরিসর বজায় রাখার বিষয়ে বরাবরই সতর্ক এই তারকা দম্পতি।

এদিকে কাজের ক্ষেত্রে ব্যস্ততা রয়েছে দু’জনেরই। আলিয়াকে দেখা গিয়েছে ‘আলফা’ ছবিতে, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন শার্বরী। অন্যদিকে ‘রামায়ণ: পার্ট ১’ ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর। আগামী ২০২৭ সালের জানুয়ারিতে সঞ্জয় লীলা বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে এই জুটিকে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *