বাংলাদেশে ফের অশান্তির আশঙ্কা! নিষিদ্ধ আওয়ামি লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি শেখ হাসিনার নিজের জেলা গোপালগঞ্জে। রাস্তায় নেমে বিক্ষোভ, অবরোধ, পুলিশের গাড়িতে হামলা—পরিস্থিতি সামাল দিতে এবার বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন করল বাংলাদেশ সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আরও কঠোর পদক্ষেপ করা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।
গোপালগঞ্জে পরিস্থিতির গুরুত্ব বুঝে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলি করেছে সরকার। নতুন করে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ফলে জেলায় বর্তমানে মোট ছয় প্লাটুন বিজিবি রয়েছে। গত ১০ নভেম্বর থেকেই সেখানে তিন প্লাটুন বিজিবি মোতায়েন ছিল। পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকেও অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী আনা হয়েছে।
গত কয়েক দিনে আওয়ামি লীগের বিক্ষোভ আরও তীব্র হয়েছে। মিছিলের পাশাপাশি একাধিক জায়গায় রাস্তা অবরোধ করেন দলীয় কর্মীরা। প্রথম আলো-র প্রতিবেদন অনুযায়ী, রবিবার বিক্ষোভকারীদের হাতে বাঁশের লাঠি, বৈঠা ও দা-সহ বিভিন্ন অস্ত্র দেখা যায়। পুলিশের সাঁজোয়া যান ও পুলিশ বক্সে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে জুলাই স্মৃতিসৌধ এবং হাদি চত্বরের নামফলক।
এদিকে, পরিস্থিতি নিয়ে রবিবার মন্ত্রিসভার বৈঠকেও আলোচনা হয়েছে। যদিও সরকার কী সিদ্ধান্ত নিয়েছে, তা স্পষ্ট করা হয়নি। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের বক্তব্য, আওয়ামি লীগের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। হিংসা বাড়লে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর পদক্ষেপের নির্দেশ দেওয়া হতে পারে।
প্রশাসনের উদ্বেগ আরও বেড়েছে বিদেশ থেকে আওয়ামি লীগ কর্মীদের সংগঠিত করার অভিযোগে। বিভিন্ন জেলা থেকে দলীয় সমর্থকদের গোপালগঞ্জে জড়ো হওয়ার খবরও রয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলিতে হামলার আশঙ্কা নিয়ে গোয়েন্দা রিপোর্ট পাওয়ার কথাও জানিয়েছেন আধিকারিকরা।
এই উত্তেজনার মধ্যেই ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য পাসপোর্ট চেয়ে আবেদন করলেও তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। তাঁকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে আবেদন খারিজ করা হয়েছে বলে জানা গিয়েছে। জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর হাসিনার প্রত্যাবর্তন ঘিরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা।


