মুম্বইয়ে তারকার মেলা, আলিয়া-সোনমের সাজে মুগ্ধ নেটদুনিয়া! সচিনের পরিবারের উপস্থিতিতেও নজরকাড়া আর্থশট প্রাইজ

Spread the love

বলিউডের ঝলক, ক্রিকেটের গ্ল্যামার আর ব্রিটিশ রাজপরিবারের রাজকীয় উপস্থিতি—সব মিলিয়ে মুম্বইয়ে মঙ্গলবার সন্ধ্যায় বসেছিল চাঁদের হাট। উপলক্ষ ২০২৬ সালের আর্থশট প্রাইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রথমবার ভারতের মাটিতে আয়োজিত এই আন্তর্জাতিক অনুষ্ঠানে হাজির ছিলেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। তবে পরিবেশ রক্ষার উদ্যোগকে ঘিরে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রে উঠে এল তারকাদের পোশাক ও ফ্যাশনও।

সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিলেন আলিয়া ভাট। কালো ও অ্যান্টিক গোল্ডের মিশেলে তাঁর লেহেঙ্গায় ছিল রাজকীয় ছোঁয়া। ভারী সূচিশিল্প, আয়নার কাজ এবং বিশেষ নকশার ব্লাউজে আলিয়ার সাজ ছিল বেশ ব্যতিক্রমী। সোনম কাপুর আবার বেছে নিয়েছিলেন সবুজ শাড়ি ও ঐতিহ্যবাহী গয়না। রাকুল প্রীত সিংয়ের কালো শাড়িতে ব্রোঞ্জ-সোনালি নকশা নজর কেড়েছে। মৌনি রায় ঝলমলে কালো গাউনে অনুষ্ঠানে হাজির হন। নীল গাউনে মীরা রাজপুত, সোনালি শাড়িতে নিমরত কৌর এবং ব্রোঞ্জ রঙের শাড়িতে ধনশ্রী বর্মাও ছিলেন আকর্ষণের কেন্দ্রে।

সচিন তেন্ডুলকরের উপস্থিতি অনুষ্ঠানে যোগ করেছিল বাড়তি মাত্রা। একা নন, পরিবারের সদস্যদের নিয়েই হাজির হয়েছিলেন ক্রিকেটের এই কিংবদন্তি। নেভি ব্লু বন্ধগলায় সচিনকে দেখা যায়। স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরের পরনে ছিল গাঢ় বারগান্ডি রঙের ঝলমলে গাউন। মেয়ে সারা কালো কারুকাজ করা পোশাকে এবং সানিয়া লাল ফিটেড গাউনে নজর কাড়েন। খুশি কাপুরের আইভরি-সোনালি পোশাক এবং আয়েশা খানের সাদা জ্যাকেট ও কালো স্কার্টের সাজও ছিল আলোচনায়।

অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন করণ জোহর। কালো স্যুট, বো-টাই ও বিশেষ চশমায় তাঁর পরিচিত স্টাইলেই ধরা দেন তিনি। আলিয়া, সোনম, সচিনের পাশাপাশি অভিনেতা রামি মালেকও ছিলেন পুরস্কার প্রদানকারীদের তালিকায়। ব্রিটিশ অভিনেত্রী সিমোন অ্যাশলির উপস্থিতিও ছিল বিশেষ আকর্ষণ। সঙ্গীতের আয়োজনেও ছিল আন্তর্জাতিক ছোঁয়া। শ্রেয়া ঘোষাল ও ব্রিটিশ ব্যান্ড টেক দ্যাটের পাশাপাশি পারফর্ম করার কথা ছিল শাশ্বত সচদেব, মেরলিন ডি’সুজা এবং মহিলা হিপ-হপ দল ওয়াইল্ড ওয়াইল্ড উইমেনের।

শুধু পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়, আর্থশট প্রাইজকে ঘিরে ১৬ ও ১৭ নভেম্বর মুম্বইয়ে বসেছিল বিশেষ সম্মেলনও। মুম্বই ক্লাইমেট উইকের সঙ্গে আয়োজিত সেই সামিটে উপস্থিত ছিলেন শাহিদ কাপুর, তৃপ্তি দিমরি, তমন্না ভাটিয়া, শানায়া কাপুর, রামি মালেক-সহ একাধিক তারকা। ছিলেন ডিজাইনার মনীশ মালহোত্রা এবং অনাইতা শ্রফ আদাজানিয়াও।

১৬ নভেম্বর মুম্বইয়ে পৌঁছেছিলেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। তিন দিনের ভারত সফরে ১৮ নভেম্বর তাঁদের নয়াদিল্লি যাওয়ার কথা। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে। ২০১৬ সালের পর এই প্রথম যৌথভাবে ভারতে এলেন ব্রিটিশ রাজপরিবারের এই দম্পতি।

২০২০ সালে প্রিন্স উইলিয়ামের উদ্যোগে শুরু হয়েছিল আর্থশট প্রাইজ। পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতির অবক্ষয়ের মতো সমস্যার মোকাবিলায় অভিনব সমাধান খুঁজে বের করাই এই উদ্যোগের উদ্দেশ্য। ২০৩০ সালের মধ্যে পৃথিবীকে সুস্থ ও বাসযোগ্য করে তোলার লক্ষ্যে এক দশকের পরিকল্পনা নিয়েই শুরু হয়েছিল এই আন্তর্জাতিক কর্মসূচি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *